পূর্বাচলে স্থায়ী ঠিকানা, কাজ শুরু শিগগিরই :বাণিজ্যমন্ত্রী

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৩, ২১:৫৬
বাণিজ্যমন্ত্রী জিএম কাদের বলেছেন, পূর্বাচলে বাণিজ্য মেলার স্থায়ী কাঠামো তৈরি হবে, শিগগিরই শুরু হবে কাজ। বৃহস্পতিবার বিকালে বাণিজ্য মেলায় রপ্তানি উন্নয়ন ব্যুরো আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ বছর মেলার প্রথম দিন আগুন এবং পরে প্যাভিলিয়ন ভেঙ্গে বিক্রয়কর্মীর মৃত্যুর মত ঘটনা যাতে ভবিষ্যতে ঘটতে না পারে সেজন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। এফবিসিসিআই এর সভাপতি মেলার জন্য স্থায়ী কাঠামোর দাবি জানান। তিনি বলেন, অনেক দেশেই মেলার জন্য স্থায়ী কাঠামো থাকে, কিন্তু আমাদের দেশে নেই। অনুষ্ঠানে ৪১টি প্রতিষ্ঠানকে ৯টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়েছে। প্রিমিয়াম প্যাভিলিয়নের প্রথম পুরস্কার পেয়েছে ওয়ালটন হাই টেকনোলজি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ২য় পুরস্কার আবুল খায়ের কনডেনস্ড মিল্ক এন্ড বেভারেজ লিমিটেড এবং পারটেক্স ফার্নিচার লিমিটেড, ৩য় পুরস্কার পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার সিরামিকস্ লিমিটেড এবং প্রতীক সিরামিকস্ লিমিটেড। বিশেষ পুরস্কার পেয়েছে ব্র্যাক, ইউনিলিভার, আশিয়ান টেক্সটাইল এবং নিউ নাদিয়া ফার্নিচার। প্রিমিয়াম মিনি প্যাভিলিয়নের প্রথম পুরস্কার জিতেছে হারভেস্ট রাইস অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ২য় পুরস্কার আরটিসটি কালেকশন লিমিটেড, ৩য় পুরস্কার পেয়েছে হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশ এবং বিশেষ পুরস্কার পেয়েছে কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মডার্ন ইমাজিন টেকনোলজি লিমিটেড, বিআরবি ক্যাব্ল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এসটিবি এশিয়া ইমপেক্স প্রাইভেট লিমিটেড। প্রিমিয়ার স্টলের মধ্যে প্রথম পুরস্কার পেয়েছে বেঙ্গল মিট প্রসেসিং ইন্ডাস্ট্রি লিমিটেড, এমএস হেলাল এন্ড ব্রাদারস্। মহিলা উদ্যোক্তাদের মধ্যে বিশেষ পুরস্কার পেয়েছে ব্রিনটা ফেশনওয়ারের স্মিথা চৌধুরী এবং অজানা মাশরুম ফুড প্রোডাক্টস-এর জান্নাতুল ফেরদৌস। বিদেশি প্রতিষ্ঠানের মিনি প্যাভিলিয়নের মধ্যে বিশেষ পুরস্কার পেয়েছে অরিজিনাল ইস্তামবুল রেস্টুরেন্ট এবং অল-হারামাইন পারফিউমস্ লিমিটেড। স্টলে প্রথম পুরস্কার পেয়েছে এমকে ইলেক্ট্রোনিক লিমিটেড এবং দ্বিতীয় পুরস্কার পেয়েছে জন ডাবলার। সাধারণ মিনি প্যাভিলিয়নের মধ্যে ২য় পুরস্কার পেয়েছে ডাচ বাংলা ব্যাংক এবং বিশেষ পুরস্কার বুলবুল টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এছাড়া বঙ্গবন্ধু স্মৃতি প্যাভিলিয়ন নির্মাণের উদ্যোগ গ্রহণ ও সুচারু ব্যবস্থাপনার স্বীকৃতিস্বরূপ রপ্তানী উন্নয়ন ব্যুরোকে বিশেষ সম্মাননা এবং ডিআইটিএফ-২০১৩ এ সর্বোচ্চ কর প্রদানকারী সংস্থাকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।