আওয়ামী লীগের জন্মই জনগণের কল্যাণের জন্য

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৩, ২২:১৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানিয়ে বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তি ও নিরাপদে থাকে। আওয়ামী লীগের জন্মই হয়েছে জনগণের কল্যাণের জন্য। নৌকায় ভোট দিয়ে বাংলা ভাষায় কথা বলার অধিকার পেয়েছেন। তাই দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে দেশসেবা করার সুযোগ দিন। তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দিতে গিয়ে এসব কথা বলেন। পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় তিনি আরো বলেন, বিগত ৪ বছরে দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা নির্বাচন, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচন এবং উপ-নির্বাচন হয়েছে। প্রতিটি নির্বাচনই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। জনগণ যাকে পছন্দ তাকে ভোট দিয়েছে। এ ব্যাপারে জনগণের ক্ষমতায়ন ও সাংবিধানিক অধিকার আমরা নিশ্চিত করব। তিনি আরো বলেন, আওয়ামী লীগ যখন সরকারে আসে, দেশের কল্যাণে কাজ করে, দেশের মানুষের জন্য কাজ করে। তেঁতুলিয়া-পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়ক ও পঞ্চগড়-বোদা-দেবীগঞ্জ আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন করা হয়েছে। বাংলাবান্ধা স্থলবন্দর উন্নত করা হয়েছে। নেপাল ও ভুটানের সাথে আবারও বাণিজ্য শুরু হয়েছে। পঞ্চগড়ের গুরুত্ব আজ বাংলাদেশের মানুষের কাছে বৃদ্ধি পেয়েছে। জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন চৌধুরী, সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায়, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজাহারুল হক প্রধান প্রমুখ। এর আগে বেলা সোয়া দু’টায় পঞ্চগড় চিনিকল মাঠের জনসভাস্থলে নবনির্মিত পঞ্চগড়-তেঁতুলিয়া জাতীয় মহাসড়ক উদ্বোধন, পার্বতীপুর-পঞ্চগড় ১৫০ কিমি ডুয়েলগেজ রেল লাইনের পঞ্চগড় অংশের ভিত্তিপ্রস্তর স্থাপন, পঞ্চগড় গ্রীড সাব-স্টেশনের উদ্বোধন ও নবনির্মিত তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের উদ্বোধন করেন। জাতীয় রোভার মুড উদ্বোধন দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা জানান, প্রধানমন্ত্রী গতকাল দুপুর ১২টায় দেবীগঞ্জ হাই স্কুল মাঠে দশম জাতীয় রোভার মুড ও পঞ্চম জাতীয় কমডেকার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী দেবীগঞ্জের স্কুল মাঠে এসে পৌঁছলে স্কাউট সদস্যরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। স্কাউটদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, স্কাউট আন্দোলন হচ্ছে শিক্ষা গ্রহণের পাশাপাশি পরিপূর্ণভাবে নিজেকে দক্ষ করে গড়ে তোলা। দারিদ্র্য দূর করার মাধ্যমে আমরা বাংলাদেশকে এশিয়ার সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। এ লক্ষ্য অর্জনে দেশের স্কাউটস সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।