সিরিয়ায় ইসরাইলের বিমান হামলা, রাশিয়ার উদ্বেগ

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৩, ২২:১৮
সিরিয়ার রাজধানী দামেস্কে একটি সামরিক গবেষণা কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। বুধবার সকালের এ হামলায় দুজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সিরিয়ার ঘনিষ্ঠ মিত্র রাশিয়া। খবর বিবিসি’র। সিরিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দামেস্কের উত্তর-পশ্চিমের জামরাইয়ার সামরিক গবেষণা কেন্দ্রে ইসরাইলের একটি যুদ্ধ বিমান হামলা চালায়। বিবৃতিতে লেবাননগামী একটি অস্ত্রভর্তি ট্রাকে হামলার তথ্য অস্বীকার করা হয়। তবে এ বিষয়ে ইসরাইল এবং যুক্তরাষ্ট্র কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। সমপ্রতি সিরিয়ার ক্ষেপণাস্ত্র এবং রাসায়নিক অস্ত্র লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর হাতে চলে যেতে পারে বলে ইসরাইলের উদ্বেগ প্রকাশের পর এ হামলা চালানো হলো। বিশ্লেষকরা বলছেন, সিরিয়ার ওপর ইসরাইলের এ হামলায় ইরান কী ভূমিকা পালন করে সেটাই এখন দেখার বিষয়। ইরান ইতিমধ্যে বলেছে, তাদের প্রধান মিত্র সিরিয়ার ওপর কোনো হামলাকে তাদের নিজের দেশের ওপর হামলা বলে মনে করবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এর মাধ্যমে সিরিয়ার স্থিতিশীলতাকে বিনষ্টের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনা ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে যাবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যদি হামলার ঘটনা সত্যি হয় তাহলে এটি একটি সার্বভৌম দেশের ওপর উস্কানিমূলক হামলা এবং এর মাধ্যমে জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন করা হয়েছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। লেবাননের নিরাপত্তা বাহিনী, সিরিয়ার বিদ্রোহী এবং পশ্চিমা কূটনীতিকরা জানিয়েছেন, রাশিয়ার তৈরি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ভর্তি একটি ট্রাকে হামলা চালানো হয়েছে। কিন্তু বিষয়টি নিশ্চিত করে কেউ কিছু বলেনি। লেবাননের সামরিক বাহিনী জানিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে লেবাননের ওপর ইসরাইলি যুদ্ধ বিমানের কার্যক্রম বেড়েছে। মঙ্গলবার এবং বুধবার সকালে আরো বৃদ্ধি পায়। হিজবুল্লাহর পক্ষ থেকে এ হামলার নিন্দা জানানো হয়েছে এবং তাদের মিত্র সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছে।