জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার শুনানি ৩ মার্চ

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৩, ২২:৩৩
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার শুনানির জন্য আগামী ৩ মার্চ ধার্য করেছে আদালত। ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। সংসদ অধিবেশন চলমান থাকায় গতকাল খালেদা জিয়া আদালতে হাজির হতে পারেননি মর্মে সময় চেয়ে আবেদন করেন তার আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ। এছাড়া মামলার পলাতক আসামী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর বিরুদ্ধে পাঠানো গ্রেফতারি পরোয়ানাও তামিল হয়ে না আসায় এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য পরবর্তী দিন ধার্য করা হয়। মামলার অপর দুই আসামী বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান গতকাল আদালতে হাজির ছিলেন। খালেদা জিয়াসহ সকল আসামীর বিরুদ্ধে অভিযোগ গত ১৫ জানুয়ারি আমলে নেন বিচারক। ওইদিন মামলার পলাতক হারিছ চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল একই আদালত। এ মামলায় গত বছরের ১৬ জানুয়ারি খালেদা জিয়াসহ চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।