অস্কার-জয়ী চিত্রপরিচালক অং লি, যার ‘লাইফ অব পাই’ এখন বাজার মাত করছে, তিনি বলেছেন যে, তিনি প্রাচীন মিশরের সুন্দরীশ্রেষ্ঠা রানি ক্লিওপেট্রাকে নিয়ে একটি ছবি করার প্রস্তাব পেয়েছেন। ক্লিওপেট্রাকে নিয়ে ছবি, মিশরের রানি ক্লিওপেট্রা তো আর নেফারতিতি নন যে, বার্লিনের মিউজিয়ামে তার আবক্ষ মূর্তি রাখা থাকবে। কাজেই ক্লিওপেট্রা দেখতে কেমন ছিল, তা ভাবতে গেলে কবিকল্পনা আর হলিউডের ছবিই সম্বল। এবার সনি এন্টারটেইনমেন্ট জুলিয়াস সিজারের প্রেয়সী তথা মার্ক অ্যান্টনির প্রেমিকা সেই ক্লিওপেট্রাকে নিয়ে নতুন ক্ল্যাসিক তৈরি করতে চলেছে এবং তার নায়িকার খোঁজ করতে গিয়ে নতুন ক্লিওপেট্রা ছবির ক্ষেত্রে সেই নামটি হলো, সুন্দরীশ্রেষ্ঠা অ্যাঞ্জেলিনা জোলির। জোলি স্বয়ং অং লিকে টেলিফোন করে অনুরোধ করেছেন ছবিটি পরিচালনা করার। তাইওয়ানি-মার্কিন চিত্রপরিচালক অং লি, যার থ্রি-ডি ‘লাইফ অব পাই’ ১১টি অস্কারের মনোনয়ন পেয়েছে, তিনি জোলির টেলিফোন পাওয়ার পর বলেছেন, ‘আমরা পরস্পরকে খুই পছন্দ করি... প্রোজেক্টটাও খুব আকর্ষণীয়। এটা একটা বড় বাজেটের ছবি, কাজেই আমি ব্যাপারটা ভেবে দেখছি। তবে এটা একটা বিরল সুযোগও বটে। কাজেই আমি সম্ভবত প্রস্তাবে সম্মত হব।’
