ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন ডাকাতি ঘটনায় তদন্ত কমিটি

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১৮
ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস কমিউটার ট্রেনে ডাকাতি ও ট্রেন থেকে ফেলে ৪ জনকে হত্যার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলের নিরাপত্তা বাহিনীর পূর্বাঞ্চলীয় চীফ কমাডেন্ট মোঃ ফারুক আহম্মেদকে প্রধান করে তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ৫ দিনের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে। এদিকে এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর এবং আখাউড়া থেকে ৭ জনকে আটক করেছে রেলওয়ে পুলিশ। গতকাল শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলওয়ে পুলিশের ডিআইজি সোহরাব হোসেন, চট্ট্রগ্রাম অঞ্চলের পুলিশ সুপার নজরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে তারা ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম’র সাথে যৌথ সভায় মিলিত হন। সভায় তদন্ত কাজ কিভাবে আগানো যায় তার কর্মপরিকল্পনা করা হয়।