প্রধানমন্ত্রী আজ সিরাজগঞ্জ ও পাবনা যাচ্ছেন

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৭
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার একদিনের সফরে সিরাজগঞ্জ ও পাবনা আসছেন। প্রধানমন্ত্রী সকাল ১০টায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পারে সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় প্রায় ৮০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১৫০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্ট বিদ্যুত্ কেন্দ্র উদ্বোধন করবেন। এরপর একই এলাকায় আপগ্রেশন অব সিরাজগঞ্জ ১৫০ মেগাওয়াট গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট টু ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর বেলা ১১টায় তিনি উল্লাপাড়ার করতোয়া নদীর ওপর ৪৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৩৪৭.২৯৫ মিটার খান সোনতলা সেতু উদ্বোধন করবেন। পরে তিনি সেতু সংলগ্ন মাঠে পথসভায় ভাষণ দেবেন। এদিকে, প্রধানমন্ত্রীর আজই পাবনা সফর করার কথা। বেলা আড়াইটায় তিনি শহরের এডওয়ার্ড কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন। এছাড়া তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সফর কর্মসূচি সফল করতে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু দফায় দফায় দলীয় নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করেছেন। সিরাজগঞ্জ ও পাবনায় নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।