মমতা নির্দেশেই আমাকে কলকাতায় আসতে দেয়া হয়নি: রুশদি

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩০
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই কলকাতায় আসতে দেয়া হয়নি। গতকাল শুক্রবার টুইটারে বিস্ফোরক মন্তব্য করেছেন সালমান রুশদি। পশ্চিমবঙ্গের মন্ত্রী রচপাল সিং কলকাতা বইমেলায় তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগো বাংলার স্টলে এক অনুষ্ঠানে বলেছেন, সালমান রুশদিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি গ্রহণ করেননি। যদিও পশ্চিমবঙ্গ স্বরাষ্ট্র দপ্তরসূত্রে বলা হয়েছে, রুশদির আসার কোনও খবর তাদের কাছে ছিল না। আর এ নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। গত বুধবার তার লেখা ‘মিডনাইট চিলড্রেন’-এর ওপর নির্মিত চলচ্চিত্রের অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসার কথা ছিল সালমান রুশদির। রটে যায় কলকাতা বই মেলায় একটি অনুষ্ঠানেও তিনি যোগ দেবেন। শেষ পর্যন্ত তিনি আসেননি। এরপরই রুশদি টুইটে অভিযোগ করে বলেছেন, উপন্যাসের ওপর আধারিত চলচ্চিত্র উপলক্ষে একটি সাংবাদিক বৈঠকে যোগ দিতে আমার কলকাতায় আসার কথা ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে কলকাতায় আসতে দেয়া হয়নি। আমাকে বাধ্য করা হয়েছিল কলকাতা সফর বাতিল করতে। বইমেলা আয়োজক কমিটির পক্ষে ত্রিদিব চট্টোপাধ্যায় জানিয়েছেন, তিনি ডাহা মিথ্যে কথা বলছেন। লেখক কল্পনা থেকে সৃষ্টি করে থাকেন। কিন্তু ওর এমন কল্পনা আমাদের অবাক করে দিয়েছে। ওনাকে আনার কোনও পরিকল্পনা ছিল না। তৃণমূল সাংসদ সুলতান আহমেদ বলেন, রুশদিকে কলকাতায় আসতে না দেয়ায় কোনও ভুল কাজ হয়নি। মুখ্যমন্ত্রী ঠিক করেছেন। তৃণমূল সাংসদ কবির সুমন বলেছেন, ব্যক্তিগত নিরাপত্তার কারণে মুখ্যমন্ত্রী এ উদ্যোগ নিলে কোনও ভুল নেই। আমার মনে হয় না সালমান রুশদিকে খাটো করার কোনও উদ্দেশ্য ছিল। মহাশ্বেতা দেবী বলেছেন, কলকাতার দরজা সবার জন্যে খোলা। একজন লেখককে আটকানো উচিত নয়। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন, দুর্ভাগ্যজনক ঘটনা।