পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২২ জন নিহত এবং ৪০ জনের বেশি আহত হয়েছে। গতকাল শুক্রবার দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের হংগু শহরের একটি মসজিদের পাশে এ বোমা হামলার ঘটনা ঘটে। খবর ডন এর।
জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) ড. মোহাম্মদ সাইদ বলেন, পাট বাজার এলাকার একটি মসজিদ থেকে জুমার নামাজ শেষে মুসল্লিরা বের হওয়ার সময় আত্মঘাতী হামলা হয়। তিনি আরও বলেন, শিয়াদের লক্ষ্য করে এ হামলা চালানো হলেও এতে সুন্নি মুসলমানরাও হতাহত হয়েছেন। সাইদ বলেন, বোমা হামলকারীর মাথা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে সে মোটরসাইকেলে চড়ে আসছিল। কর্মকর্তারা জানিয়েছেন, ওই এলাকায় ফয়জুল্লাহ নামের একটি মসজিদ রয়েছে যেটিতে শিয়া ধর্মাবলম্বীরা নামাজ আদায় করেন এবং মসজিদ পুর্দি যেটিতে সুন্নি ধর্মাবলম্বীরা নামাজ পড়েন। পুর্দি মসজিদে প্রায়ই তালেবান বিরোধী সুন্নি সুপ্রিম কাউন্সিল সভা করে থাকে। তাদের লক্ষ্য করে এই হামলা হতে পারে। কিন্তু উভয় গোষ্ঠীর লোক হতাহত হওয়ায় এ বিষয়টি নিশ্চিত করা যাচ্ছে না যে সুন্নিদের লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে।
জেলা সদর হাসপাতালের ড. নওয়াব হোসেন নামের এক জ্যেষ্ঠ চিকিত্সক জানিয়েছেন, ৫০ জনের বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ১৬ জনকে কোহাটের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহত ২২ জনের লাশ হাসপাতালে আনা হয়েছে বলে জানান তিনি। আফগান সীমান্তবর্তী পাকিস্তানের এই এলাকায় প্রায়ই সামপ্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটে। শিয়া অধ্যুষিত পারাচিনার থেকে কয়েক কিলোমিটার দূরে এর অবস্থান। হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি।
