কাজের সুযোগ দিলে প্রতিবন্ধীরাও অর্থনীতিতে অবদান রাখবে

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৮
দয়া দাক্ষিণ্য নয়, দক্ষতা বিবেচনা করেই প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরির সুযোগ দেয়া প্রয়োজন। এজন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকারী প্রতিষ্ঠানগুলোর মানসিকতা পরিবর্তন করতে হবে। পাশাপাশি কর্মসংস্থানে প্রতিবন্ধীদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য আইনও করা যেতে পারে। গতকাল ‘অর্থনীতির মূলধারায় প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পৃক্তকরণ’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি মো. ফজলুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, এলসিডি বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. আনিসুজ্জামান, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ডিজএবিলিটি ইনক্লুশান স্কিলস এন্ড এমপ্লয়াবিলিটি ডিপার্টমেন্টের সিনিয়র স্পেশালিস্ট ডেবরা পেরী এবং জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি মো. রজব আলী খান নজীব। মো. ফজলুল হক বলেন, দয়া দাক্ষিণ্য নয়, যোগ্যতা বিবেচনা করেই প্রতিবন্ধীদেরকে কাজে সুযোগ দিতে হবে। প্রয়োজনে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে দক্ষ করে চাকরি দেয়া যেতে পারে। অন্য বক্তারা বলেন, প্রতিবন্ধীদেরকে অক্ষম ভাবার কোনো কারণ নেই। তারা সবকিছুই অন্যদের মতোই করতে পারে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে তারা বেশি দক্ষতার পরিচয়ও দিতে পারে। দক্ষতা বিবেচনা করে কাজ করার সমান সুযোগ দিলে তারা অর্থনীতিতে অবদান রাখতে পারবে। আলোচনা সভাশেষে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান মেলার উদ্বোধন করা হয়। মেলার আয়োজন করেছে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন, অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন, ভিপস, এলসিডি বাংলাদেশ, প্রথম আলো জবস এবং জাতীয় প্রতিবন্ধী ফোরাম। প্রতিবন্ধীদের সক্ষমতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগ প্রদানকারী চাকরিদাতাদের অভিজ্ঞতা তুলে ধরার জন্য এ মেলার আয়োজন করা হয়েছে।