উচ্ছেদের প্রতিবাদে গতকাল শনিবার রাজধানীর নীলক্ষেত এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন বাকুশা মার্কেট ব্যবসায়িরা। তবে মার্কেটটির মালিকপক্ষ জানিয়েছে, সম্প্রতি তারা এখানে বহুতল মার্কেট নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন। তাই আপাতত ব্যবসায়িদের চলে যেতে হলেও পরবর্তীতে মার্কেট নির্মাণ কাজ শেষ হলে তাদের অগ্রাধিকার দিয়ে দোকান দেয়া হবে। খোঁজ নিয়ে জানা গেছে, নীলক্ষেতের বাকুশা মার্কেটটি ভেঙে বহুতল ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে মার্কেট কর্তৃপক্ষ। এই সিদ্ধান্ত ব্যবসায়িদের কয়েকদিন আগেই জানিয়ে দেয়া হয়েছে। কিন্তু ব্যবসায়িরা এই সিদ্ধান্ত মানতে রাজি নন। তারা বহুতল মার্কেট নির্মাণের বিরোধিতা করে আসছেন। গতকাল সকালে ব্যবসায়িদের দোকান ছেড়ে দেয়ার জন্য মার্কেট কর্তৃপক্ষ চাপ দিলে ব্যবসায়িরা ক্ষুব্ধ হয়ে উঠেন। তারা মিছিল করে উচ্ছেদের প্রতিবাদ জানান। এ নিয়ে বাকুশা মার্কেট এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।
