জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তার দলবল নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করে সহকারী প্রধান শিক্ষককে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার দুপুরে। এ বিষয়ে বৃহস্পতিবার ক্ষেতলাল থানায় মামলা হয়েছে। বিদ্যালয় ও থানাসূত্র জানায়, সভাপতি মাহফুজুর রহমান হেলালের কথামতো না চলায় সহকারী প্রধান শিক্ষক আবু বক্কর প্রামানিককে গত ৮ জানুয়ারি সভাপতি অবৈধভাবে বরখাস্ত করেন। সে প্রেক্ষিতে আবু বক্কর জয়পুরহাট জেলা প্রশাসক বরাবর অভিযোগ করলে জেলা শিক্ষা অফিসারকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেয়া হয়। বুধবার ছিল তদন্তের দিন।
বুধবার তদন্ত কমিটি উক্ত বিদ্যালয়ে পৌঁছলে সভাপতি তদন্তকারীর নিকট সময়ের আবেদন করেন এবং তাদের ফিরিয়ে দেন। তদন্ত দল বিদ্যালয় ত্যাগ করার পর পরই সভাপতির নেতৃত্বে তার ছোট ভাই আবুল কাশেম, একই গ্রামের রিপন খান, জাহেদুল সরদারসহ কিছুসংখ্যক বখাটে যুবক বিদ্যালয়ে প্রবেশ করে প্রকাশ্যে সহকারী প্রধান শিক্ষককে মারধর করে।
