নকলের দায়ে হার্ভার্ডে ১২৫ জন বহিষ্কার

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৫৮
পরীক্ষায় নকলের দায়ে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে পরিচিত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ১২৫ জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে সততা ও নৈতিক সংস্কৃতির উন্নতি ঘটানোর জন্য পরামর্শ দিতে একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করা হয়েছে। খবর বিবিসির। ঘটনার তদন্ত চলার সময় অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কলা ও বিজ্ঞান অনুষদের ডিন মাইকেল স্মিথ। শিক্ষার্থীদের ই-মেইলে তাদের বহিষ্কারের বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে বলেও তিনি জানান। গত বছর বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন এক সেমিস্টারে রাজনীতি বিষয়ে স্নাতক কোর্সের সমাপনী পরীক্ষার খাতার মূল্যায়নের সময় দেখা যায়, সবার খাতায় একই উত্তর। বাড়িতে বসে দেয়া ওই পরীক্ষায় ২৭৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। এরপরই কর্তৃপক্ষ সবার খাতা পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেয়। অভিযুক্তদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াবিদদের কয়েকজনও রয়েছে। এদের মধ্যে বাস্কেটবল দলের কমপক্ষে দু’জনকে বহিষ্কার করা হয়েছে। সমপ্রতি বিশ্ববিদ্যালয়ে একটি পত্রিকা জানায়, ফুটবল, বেসবল এবং হকি খেলোয়াড়রাও (বরফের মধ্যে) এর সঙ্গে যুক্ত থাকতে পারে। এখনই এ বিষয়ে প্রতিক্রিয়া জানানো এবং কার্যকর পদক্ষেপ নেয়ার সময় উল্লেখ করে মাইকেল স্মিথ বলেন, পরীক্ষায় ছাত্রদের চুরির জন্য আমরা সবাই দায়ী।