ভোমরা বন্দর দিয়ে ১৫ দিন আমদানি ও রফতানি বন্ধ

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৫৯
ভারতের ঘোজাডাঙ্গা ইমিগ্রেশন চেকপোস্টের কাছে বিদ্যাধারী সেতু দিয়ে ১০ চাকার পণ্যবাহী ট্রাক চলাচল করতে না দেয়ার প্রতিবাদে ভোমরা স্থলবন্দর দিয়ে গত ১৫ দিন ধরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। ঘোজাডাঙ্গা সিএন্ডএফ ও ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের ডাকা ধর্মঘটের কারণে এই আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ আছে। ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. অহিদুল ইসলাম জানান, সমস্যা সমাধানে পশ্চিমবঙ্গ প্রশাসন ঘোজাডাঙ্গা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের কাছে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময় নিয়েছে। ধর্মঘটের কারণে গতকাল শনিবার পর্যন্ত প্রায় ২৩ কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে সরকার। এ ছাড়া উভয় দেশের জিরো পয়েন্টের কাছে জমা হয়েছে মালবাহী প্রায় তিন শতাধিক ট্রাক। অতিদ্রুত ট্রাক থেকে এসব মালামাল খালাস করতে না পারলে কয়েকশ’ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হবেন ব্যবসায়ীরা।