সব পুলিশ সার্জেন্ট যদি এমন হতো!

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০০
কতিপয় সদস্যদের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের মনে পুলিশ সার্জেন্ট নিয়ে নানা ধরনের নেতিবাচক ধারণা রয়েছে। অনেকের ধারণা পুলিশ সার্জেন্ট ‘কিছু পাওয়ার’ জন্যই শুধু গাড়ি থামায়। কিন্তু তারা নগরীকে যানজট মুক্ত করার পাশাপাশি আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। যার প্রমাণ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন ট্রাফিকের পুলিশ সার্জেন্ট সুজাউদ্দৌলা চৌধুরী। পকেটমার হওয়া মানিব্যাগ উদ্ধার করে তিনি ফেরত দিলেন মালিক কাজী মাসুদুর রহমানকে। মানিব্যাগে ছিল পাঁচ হাজার টাকা, ব্যাংকের একাধিক ক্রেডিট কার্ড ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র। গত বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সোনারগাঁও ক্রসিংয়ে ধাক্কাধাক্কি করে চলন্ত বাসে ওঠেন কাজী মাসুদুর রহমান। এ সময় এক পকেটমার তার পকেট থেকে মানিব্যাগ তুলে নিয়ে বাস থেকে নেমে যায়। ঐ এলাকায় দায়িত্বপালনকারী সার্জেন্ট সুজাউদ্দৌলা চৌধুরী তা দেখে ফেলেন। তিনি ধাওয়া করে পকেটমারকে ধরে ফেলেন। উদ্ধার করেন মানিব্যাগটি। কিন্তু পকেটমারের গেঞ্জির কলার টেনে আনার সময় ঘটে বিপত্তি। পকেটমার গায়ের গেঞ্জি খুলে সার্জেন্টের হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে সার্জেন্ট সুজাউদ্দৌলা মানিব্যাগে থাকা ঠিকানা ও ফোন নম্বরে যোগাযোগ করেন। দুইদিন পর গতকাল সকাল ১১টার দিকে কাজী মাসুদুর রহমান সার্জেন্টের কাছ থেকে নিয়ে যান তার খোয়া যাওয়া মানিব্যাগটি।