রাজধানীর অদূরে আশুলিয়ায় দুই তরুণী নিখোঁজ হয়েছেন। তিন্নি (১৮) ও লিজা আক্তার (১৪) নামের ওই দুই তরুণী গত ২২ জানুয়ারি সকালে তাদের বেরন এলাকার বাসা থেকে নিখোঁজ হন। এরপর ১১ দিন পার হলেও তাদের সন্ধান পাওয়া যায়নি। লিজার মা স্থানীয় উইন্ডি গ্রুপের পোশাক শ্রমিক রানু বেগম এ ব্যাপারে গত ২৬ জানুয়ারি আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন। মেয়েকে অপহরণের পর পাচার করা হয়েছে বলে তিনি আশংকা করছেন।
রানু বেগম জানান, তার স্বামীর নাম আনোয়ার হোসেন। গ্রামের বাড়ি মাদারীপুরের রাজৈর থানার গজারীয়া এলাকায়। তার মেয়ে লিজা একটি পোশাক কারখানায় কিছুদিন কাজ করেছে। মাসখানেক আগে কাজ ছেড়ে দিয়ে ঘরেই থাকতো সারাদিন। গত ২২ জানুয়ারি তিনি কাজ শেষে দুপুরের খাবার খেতে এসে বাসায় লিজাকে না পেয়ে আশেপাশে খুঁজতে থাকেন। একপর্যায়ে জানতে পারেন, লিজার বান্ধবী তিন্নিকেও খুঁজে পাওয়া যাচ্ছে না।
লিজার মা জানান, এরই মধ্যে গত ২৫ জানুয়ারি বিকাল সোয়া তিনটার দিকে একটি মোবাইল ফোন (০১৬৮৭৮৭৯৯৮০) থেকে লিজা তাকে ফোন করে জানায়, সে ভারতে আছে। সে যেখানে আছে সেখানে যেতে কলকাতা থেকে প্রায় সাত ঘণ্টা সময় লাগে। তবে সে জায়গার নাম জানাতে পারেনি। তার আগেই মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
রানু বেগম আরো জানান, গত ২৯ জানুয়ারি ভারত থেকে (+৯১৬৭৪৬৫৩১৪৪৬) এক ব্যক্তি তাকে ফোন করেন। ওই ব্যক্তি যে ভাষায় (সম্ভবত হিন্দিতে) কথা বলেছেন তা তিনি বুঝতে পারেননি। তবে তিনি এটুকু বুঝেছেন যে তার মেয়ে লিজা এবং তিন্নি পশ্চিমবঙ্গের কোন একটি সংস্থার আশ্রয়ে রয়েছে। রানু বেগম আশঙ্কা করছেন, তারা কোন নারী পাচারকারী চক্রের খপ্পরে পড়েছে। ওদের উদ্ধারের জন্য তিনি সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জিডির তদন্ত চলছে। মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে ওদের প্রকৃত অবস্থান জানার চেষ্টা করছেন তারা। তবে গতকাল পর্যন্ত তাদের কোন সন্ধান পাওয়া যায়নি।
