জন কেরিকে পররাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রদূতের অভিনন্দন

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০৪
যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী জন এফ কেরিকে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। জন কেরিকে লেখা এক অভিনন্দন বার্তায় ডা. দীপু মনি এই নিয়োগকে একজন আমলা ও জননেতা হিসাবে দেশের প্রতি তার অঙ্গীকার, নিষ্ঠা ও অবদানের এক অনন্য স্বীকৃতি বলে উল্লেখ করেন। বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার অংশীদারিত্বমূলক দ্বিপাক্ষিক সম্পর্ক, ক্রমবর্ধমান বাণিজ্য এবং বাংলাদেশে মার্কিন বিনিয়োগের কথা তিনি উল্লেখ করেন যে, উভয় দেশের স্বাধিকার আন্দোলনের ইতিহাস, জনপ্রতিনিধিত্বমূলক সরকার ব্যবস্থা, রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহের সক্রিয়তা এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধাবোধ দেশ দুইটিকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং নিজ নিজ পররাষ্ট্রনীতি বাস্তবায়নে একসঙ্গে কাজ করার জন্য অভিন্ন ক্ষেত্র প্রস্তুত করতে বিশেষ ভূমিকা পালন করে আসছে। ডা. দীপু মনি নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে নিকট ভবিষ্যতে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। পৃথক একটি চিঠিতে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করায় জন এফ কেরিকে অভিনন্দন জানিয়েছেন। তিনি জন কেরির পররাষ্ট্রমন্ত্রী হিসাবে নিযুক্ত হওয়ায় যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি জনগণ, যার বিশাল একটি অংশ কেরির নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত, এর বিশেষ উচ্ছ্বাসের কথাও উল্লেখ করেন। জনাব কেরির দীর্ঘ কূটনৈতিক জীবনের কথা স্মরণ করে তিনি আশা প্রকাশ করেন যে, আন্তর্জাতিক রাজনীতিতে জনাব কেরির বিশেষ দক্ষতা নিঃসন্দেহে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের মতো বাংলাদেশের জন্যও প্রভূত কল্যাণ বয়ে আনতে সক্ষম হবে।