জাহাঙ্গীরনগরে ছাত্রলীগ কর্মীদের হাতে শিক্ষক লাঞ্ছিত

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছাত্রলীগ কর্মীদের হাতে প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষক মাহমুদুল হাসানকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল পদার্থ বিজ্ঞান বিভাগ এবং প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের খেলা শুরু হলে প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের খেলোয়াড়দের উদ্দেশে পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা কটুক্তি করতে থাকে। তখন ওই বিভাগের খেলোয়াড়রা বিষয়টি আম্পায়ারকে অবহিত করলে, আম্পায়ার দু’দলের অধিনায়ককে সমর্থকদের শান্ত থাকার জন্য বলার নির্দেশ দেন। তখন পদার্থ বিজ্ঞান বিভাগের ৩৮তম ব্যাচের শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী জহিরুল ইসলাম জুয়েল খেলার মাঠে প্রবেশ করে হট্টগোল শুরু করে। এ সময় প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক মো:মাহমুদুল হাসান, মো. ইব্রাহীম হোসেন ও সুদ্বীপ পাল বিষয়টি সমাধান করার জন্য উপস্থিত হলে পদার্থ বিজ্ঞান বিভাগের ছাত্রলীগ কর্মী বায়েজিদ, সাদ্দাম, রাব্বী, নূরুল ও মান্নানসহ কয়েকজন তাদের লাঞ্ছিত করে। এতে দু’বিভাগের শিক্ষার্থীদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত হয়ে পরিবেশ শান্ত করেন।