জলাভূমি সংরক্ষণে বিনিয়োগে ইচ্ছুক ইইউ-ডেনমার্ক

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৯
ইউরোপীয় ইউনিয়ন ও ডেনমার্ক বাংলাদেশের জলাভূমি সংরক্ষণে বিনিয়োগ করতে ইচ্ছুক। তারা চায় বাংলাদেশ বিশ্ব জলাভূমি সংরক্ষণে নেতৃত্ব দিক। গত শনিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হাননা এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ভেন্ড ওলিং তাদের বক্তব্যে একথা বলেন। বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে বিশ্ব পানি সাংবাদিক ফোরাম, বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম (এফইজেবি), বাংলাদেশ পউস ও আইইউসিএন যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে। এফইজেবি-এর চেয়ারম্যান কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অন্যদের মধ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আইনুন নিশাত, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. নাসির উদ্দিন, জলবায়ু বিশেষজ্ঞ ড. রেজাউল করিম, আইইউসিএন-এর বাংলাদেশ প্রতিনিধি ইসতিয়াক সোবহান, বাংলাদেশ পউস-এর সানওয়ার হোসাইন বক্তব্য রাখেন। ইউলিয়াম হাননা বলেন, বাংলাদেশ এখন তিন ক্ষেত্রে বিশ্ব নেতৃত্ব দিচ্ছে। জলবায়ু পরিবর্তন আলোচনা, শান্তি রক্ষা এবং মাতৃভাষা আন্দোলন। নতুন করে আন্তর্জাতিকভাবে জলাভূমি ও পানি ব্যবস্থাপনায় নেতৃত্ব দিতে পারে। আর জলাভূমি সংরক্ষণে আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে কাজ করা যেতে পারে। ভেন্ড ওলিং বলেন, জলাভূমি সংরক্ষণে পানি ব্যবস্থাপনা জরুরী। এখানে পানি ব্যবস্থাপনায় আমরা বাংলাদেশকে সহায়তা করতে পারি। আইনুন নিশাত বলেন, বাংলাদেশে জলাভূমি সংরক্ষণে নীতি আছে কিন্তু তার ব্যবহার নেই, বাস্তব কোন প্রয়োগ নেই। নীতি বাস্তবায়ন করে জলাভূমি সংরক্ষণ করা জরুরী। কামরুল ইসলাম চৌধুরী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।