অযত্ন-অবহেলায় ধ্বংস হয়ে যাচ্ছে নওগাঁর মহাদেবপুর উপজেলার ঐতিহাসিক আদ্যাবাড়ি মন্দির। এক সময় এ মন্দিরকে ঘিরে ব্যাপক উত্সাহ-উদ্দীপনায় পূজা-পার্বণ উদযাপিত হলেও কালের আবর্তে এ মন্দির আজ বিলুপ্তির পথে। বর্তমানে এ মন্দিরের আশেপাশের কয়েকটি আদিবাসী পরিবার বছরে একবার মাত্র এ মন্দিরে দুর্গাপূজা পালন করে। এ ছাড়া সারা বছর অযত্ন-অবহেলায় পড়ে থাকে এ মন্দির। পর্যায়ক্রমে এ মন্দিরে বিশাল ভূসম্পত্তিও চলে গেছে প্রভাবশালীদের দখলে। প্রত্নতত্ত্ব বিভাগ ও স্থানীয় প্রশাসন এ ঐতিহাসিক মন্দিরটি রক্ষার জন্য আজ পর্যন্ত কোন কার্যকরী উদ্যোগ গ্রহণ করেননি। মহাদেবপুর উপজেলা সদর থেকে প্রায় ৫ কিলোমিটার পশ্চিমে খাজুর ইউনিয়নের খাজুর ও দেবীপুর গ্রামের মধ্যবর্তী স্থানে এ মন্দিরটি অবস্থিত। স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের নেতা দ্বিপংকর লাকড়া বলেন, স্থানীয় প্রশাসন এ মন্দিরের জমিগুলো উদ্ধার করে এ মন্দিরকে রক্ষার পদক্ষেপ নিলে এ ঐতিহাসিক মন্দিরটির হারানো গৌরব আবার ফিরে আসবে।
