ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর বন্দেরপাড়া গ্রামে সোনার পুতুল ও ডলার কিনতে এসে গত শনিবার নরসিংদীর দুই যুবক গণপিটুনির শিকার হয়েছেন। খবর পেয়ে নান্দাইল মডেল থানার পুলিশ বিকালে তাদেরকে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আহত দুই যুবকের হলেন- নরসিংদীর পলাশ উপজেলার নোয়াকান্দা গ্রামের মৃত শামছুদ্দিনের ছেলে আওলাদ হোসেন (৩৮) ও একই উপজেলার ধনারচর গ্রামের মৃত নূরুল ইসলামের পুত্র হিরণ (৩৫)। বন্ধুত্বের সূত্র ধরে নান্দাইলের বিশ্বজিত্ সিং নামে এক যুবক তাদেরকে উপজেলার মোয়াজ্জেমপুর এলাকায় এনে প্রায় তিন লাখ কেড়ে নিয়ে দুই যুবককে ছেলেধরা অপবাদ দিয়ে গণপিটুনি দেয় ।
ওই যুবকদের সাথে কথা বলে জানা যায়, নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের অনিল চন্দ্র সিংয়ের ছেলে বিশ্বজিত্ সিং (৩০) পলাশ এলাকার একটি পোশাক কারখানায় কাজ করে। সেখানে থাকাকালে তাদের সাথে বিশ্বজিতের পরিচয় ঘটে। বিশ্বজিত্ তাদেরকে এখানে নিয়ে আসে। সেখানে নিয়ে বন্দেরপাড়া এলাকার একটি নির্জনস্থানে নিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা কেড়ে নেয়। প্রতিবাদ করলে তাদেরকে ছেলেধরা বলে গ্রামে প্রচার করে ধর ধর করে চিত্কার করে । পরে আশপাশের লোকজন ছুটে এসে তাদেরকে ছেলে ধরা সন্দেহে গণপিটুনি দেয়।
জানতে চাইলে নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক নূরুল ইসলাম বলেন, ওই যুবকদের বাড়িতে খবর দেয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
