নোয়াখালীতে দাখিল পরীক্ষা দিতে পারছে না ৭৬ পরীক্ষার্থী

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৭
মাদ্রাসা কর্তৃপক্ষের জালিয়াতি ও বোর্ডের গাফিলাতির কারণে নোয়াখালী সদর উপজেলার পূর্ব অশ্বদিয়া মুক্কিয়া দাখিল মাদ্রাসার ৭৬ জন দাখিল পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারছে না। পরীক্ষা শুরুর দুই দিন পূর্বে শুক্রবার প্রবেশপত্র না পেয়ে পরীক্ষার্থীরা মাদ্রাসায় হামলার চেষ্ট চালায় এবং বিক্ষোভ শুরু করলে মাদ্রাসায় তালা লাগিয়ে পালিয়েছে মাদ্রাসার সুপার মাওলানা মশিউর রহমান ও সহকারী সুপার মাওলানা সিরাজুল ইসলাম। গত বছরের ৮ মে শিক্ষা মন্ত্রাণালয়ের মাদ্রাসা শাখার উপ-সচিব নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই মাদ্রাসাকে দাখিল পর্যায়ে পাঠদানের অনুমতি দেয়া হয়। অনুমতি পাবার পর দাখিল শ্রেণিতে ২৬ ছাত্র-ছাত্রী ভর্তিও করা হয়। কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ ২০১৩ সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণের জন্য এই ২৬ জনের সাথে জালিয়াতির মাধ্যমে ও বিভিন্ন মাদ্রাসা থেকে ৭ম ও ৮ম শ্রেণির আরো ৫০ জন ছাত্রকে এনে দাখিল শ্রেণিতে ভর্তি করিয়ে রেজিস্ট্রেশন ও ফরম পূরণ করে। মাদ্রাসা বোর্ডে ফি’র টাকা জমা দেয়ার পর গত ২৬ ডিসেম্বর মাদ্রাসা শিক্ষা বোর্ডের উপ-পরিদর্শক হোসেন আহম্মেদের নেতৃত্বে একটি টিম মাদ্রাসা পরিদর্শনে এসে মাত্র ৭ জন শিক্ষার্থীকে ক্লাসে উপস্থিত দেখে অসন্তোষ প্রকাশ করেন। এই ঘটনার পর গত ২৭ জানুয়ারি পরীক্ষার প্রবেশপত্রের জন্য মাদ্রাসার সুপার বোর্ডে গেলে বোর্ড কর্তৃপক্ষ প্রবেশপত্র দেয়নি বলে জানা যায়।