রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রফেসর ড. এস তাহের আহমেদ হত্যার বিচারের রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল রবিবার ড. তাহের এর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় এ দাবি জানানো হয়।
এ উপলক্ষে গতকাল সকালে রাবির দ্বিতীয় বিজ্ঞান ভবনের সামনে থেকে বিভাগীয় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে শোক শোভাযাত্রা বের করা হয়। পরে বিভাগের ৪১২ নং কক্ষে আয়োজিত স্মরণ সভায় জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন এবং ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, বিভাগীয় অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা উচ্চ আদালতে বিচারাধীন ড. তাহের হত্যা মামলার বিচারের আপিল দ্রুত নিষ্পত্তি ও রায় কার্যকরের দাবি জানান। এছাড়া ড. তাহেরের নীতি ও আদর্শ ধারণ করে ন্যায়নিষ্ঠ জীবন পরিচালনার জন্য সভায় সবার প্রতি আহ্বান জানানো হয়।
প্রসঙ্গত, ২০০৬ সালের ১ ফেব্রুয়ারি ড. এস তাহের আহমেদকে নিজ বাসায় হত্যা করা হয়। নিম্ন আদালতের রায়ে বিভাগীয় শিক্ষক মিয়া মহিউদ্দিনসহ চার খুনির ফাঁসির আদেশ হলেও তত্কালীন শিবিরের সভাপতি সালেহী খালাস পেয়ে যান। পরে ওই রায়ের বিরুদ্ধে ড. তাহেরের পরিবার উচ্চ আদালতে আপিল করেন।
