নারায়ণগঞ্জে স্বর্ণালংকার ব্যবসায়ীদের ধর্মঘট

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩০
নারায়ণগঞ্জ শহরের অন্যতম বাণিজ্যিক এলাকা টানবাজার মীনাবাজারে শনিবার রাতে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় গতকাল রবিবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন জেলার জুয়েলারি ব্যবসায়ীরা। ওই রাতেই সদর মডেল থানায় মামলা হয়েছে। পুলিশ এখনো আসামিদের শনাক্ত কিংবা গ্রেপ্তার করতে পারেনি। প্রতিবাদে রবিবার সকাল থেকে জেলার সর্বত্র স্বর্ণের দোকান বন্ধ রেখে স্বর্ণশিল্পের সঙ্গে সম্পৃক্তরা ধর্মঘট পালন ও বিক্ষোভ প্রদর্শন করেন। বাংলাদেশ জুয়েলারি সমিতি নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এবং দোকান মালিক সমিতির সহ-সভাপতি মোঃ হানিফউদ্দিন সেলিম জানান, বিক্ষোভ ও মানববন্ধনে স্বর্ণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। তারা শনিবারের ঘটনায় উদ্বিগ্ন। দুপুরে স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তার দাবিতে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেয়া হয়। নারায়ণগঞ্জ মডেল থানার ওসি এসএম মঞ্জুর কাদের জানান, ২৯০ ভরি স্বর্ণ লুটের কথা উল্লেখ করা হয়েছে মামলায়।