ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় যুক্তরাষ্ট্র প্রস্তুত :জো বাইডেন

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩১
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইরান আন্তরিক হলে তাদের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। জার্মানির মিউনিখে একটি নিরাপত্তা সম্মেলনে তিনি বলেন, ইরান শান্তিপূর্ণ কাজে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের দাবি জানিয়ে আসলেও সবচে কঠোর নিষেধাজ্ঞার মুখে আছে। এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রী আলী আকবর সালেহী বলেছেন, এ ইস্যুর সমাধানের জন্য যুক্তরাষ্ট্রকে অবশ্যই যথাযথ, বাস্তবসম্মত ও পক্ষপাতহীন অভিপ্রায় দেখাতে হবে। খবর রয়টার্স ও বিবিসির। ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে না তা নিশ্চিত হওয়ার চেষ্টাতেই যুক্তরাষ্ট্র আলোচনায় বসার এ পদক্ষেপ নিয়েছে। জো বাইডেন বলেন, আমরা এটাও স্পষ্ট করে বলেছি যে, জনগণকে এ অর্থনৈতিক বঞ্চনা এবং আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মধ্যে রাখা উচিত নয় ইরানের নেতাদের। এখনো সময় আছে। কূটনীতির সুযোগ এখনো আছে। এখন বল ইরান সরকারের কোর্টে। ইরানের নেতৃত্ব, সর্বোচ্চ নেতা (আয়াতুল্লাহ আলী খামেনি) আন্তরিক হলেই যুক্তরাষ্ট্র আলোচনার জন্য প্রস্তুত। একই সম্মেলনে গতকাল রবিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রী বলেন, ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুমকি দেয়া বন্ধ করতে হবে। ইরাকের রাজধানী বাগদাদে কয়েকবার যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করা হয়েছে। আলোচনার ব্যাপারে ইরানের কোন সীমারেখা নেই। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে এতদিন থেমে থেমে আলোচনা হয়েছে তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ ছয় বিশ্বশক্তির প্রতিনিধিত্বকারী ইইউ’র শীর্ষ কূটনীতিকদের সঙ্গে। এনডিটিভি জানায়, ২৫ জানুয়ারি কাজাখস্তানে আবার আলোচনা হবে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২য় মেয়াদে নির্বাচিত হওয়ায় তিনি এখন ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে সরাসরি আলোচনায় বসার আরো সুযোগ পাবেন বলে মনে করছেন বিশ্লেষকরা।