ভিসির স্বাক্ষর জাল করে সন্তান ভর্তির চেষ্টা অভিভাবক আটক

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের স্বাক্ষর জাল ও বিনাঅনুমতিতে নাম যুক্ত সীল ব্যবহার করার অভিযোগে এক অভিভাবককে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. আমজাদ আলী তথ্যটি নিশ্চিত করেছেন। প্রক্টর অফিস সূত্রে জানা যায়, ক্যাম্পাসে অবস্থিত উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ছেলেকে দ্বিতীয় শ্রেণিতে ভর্তি করাতে ভিসির সুপারিশ যুক্ত একটি আবেদনপত্র বিদ্যালয়ে ২৬ জানুয়ারি জমা দেন অভিভাবক মো. নোমান। আবেদনপত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির নাম সঠিক থাকলেও স্বাক্ষরে গরমিল রয়েছে। তাই বিদ্যালয় কর্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরকে বিষয়টি অবহিত করেন। পরে পুলিশ এসে ঐ অভিভাবককে স্কুল থেকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যায়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত ওসি সিরাজুল ইসলাম বলেন, বিনাঅনুমতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির নাম ব্যবহার ও স্বাক্ষর জাল করে উদয়ন স্কুলে ভর্তি প্রতারণার সঙ্গে জড়িত থাকায় ঐ অভিভাবককে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।