নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ও জঙ্গি বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ সি-সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসার উদ্দিন খানের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, চনপাড়া ফাঁড়ির ইনচার্জ রোকন, ভুলতা ফাঁড়ির ইনচার্জ রফিকুল হকসহ আরো অনেকে। এ অভিযানে পুলিশের ৫০ সদস্য অংশ নেন। অভিযানে মাদক সেবনকারী, মাদক বিক্রেতা ও জঙ্গি তত্পরতার সঙ্গে জড়িত সন্দেহে ১০ জনকে গ্রেফতার করা হয়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, আসন্ন রমজানকে সামনে রেখে মাদক ও জঙ্গি তত্পরতা বাড়তে পারে, এ জন্য এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এই বিশেষ অভিযানে সাধারণ মানুষ যেন কোনো প্রকার হয়রানির শিকার না হয় এবং প্রকৃত অপরাধীরা যেন ধরা পড়ে সেদিকে আমরা লক্ষ্য রাখছি। আমাদের টার্গেট শেষ না হওয়া পর্যন্ত আমরা অভিযান চালিয়ে যাব।
