সৈয়দপুরে মহিলা ইউপি সদস্য লাঞ্ছিত

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১০
নীলফামারীর সৈয়দপুর উপজেলার ৫নং খাতামধুপুর ইউনিয়ন পরিষদে তথ্যকেন্দ্রের অনিয়মের প্রতিবাদ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন ওই পরিষদের মহিলা সদস্য (১,২,৩) হাসিনা বেগম। লাঞ্ছিত মহিলা সদস্য হাসিনা বেগম জানান, দুইদিনব্যাপী ইউনিয়ন পরিষদের তথ্য কেন্দ্রে ভিজিডি কার্ডের নতুন তালিকাভুক্ত দুস্থ মহিলাদের ছবি তোলার কাজ শুরু হয়। কিন্তু ছবি তোলার জন্য তালিকাভুক্ত প্রতিটি দুস্থ মহিলার কাছে অনৈতিকভাবে ১০০ টাকা করে আদায় করা হয়। এ ব্যাপারে দুস্থ মহিলারা তার কাছে অভিযোগ করলে তিনি তথ্যকেন্দ্রে গিয়ে এই অনিয়মের প্রতিবাদ করেন এবং ১০০ টাকার বদলে ২০ টাকা নেয়ার অনুরোধ জানালে তথ্যকেন্দ্রের উদ্যোক্তা সানোয়ার হোসেন, পরিষদের চেয়ারম্যান জুয়েল চৌধুরী ও চেয়ারম্যানের ভাই হাবলু চৌধুরী তাকে লাঞ্ছিত করে পরিষদ থেকে বের করে দেন। এ ব্যাপারে লাঞ্ছিত মহিলা সদস্য হাসিনা বেগম গতকাল সোমবার রাতেই শ্ল¬ীলতাহানির অভিযোগ এনে চেয়ারম্যানের ভাই হাবলু চৌধুরী, চেয়ারম্যান জুয়েল চৌধুরী ও তথ্যকেন্দ্রের উদ্যোক্তা সানোয়ার হোসেনের বিরুদ্ধে সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, অভিযোগের তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।