রাজনীতিতে আবার সক্রিয় হচ্ছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জাতীয় পার্টি নেতা মাহমুদুল ইসলাম চৌধুরী। আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৩ (বাঁশখালী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন এ বর্ষীয়ান নেতা। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। জানা গেছে, আগামী মাসে চট্টগ্রামে জনসমাবেশ করে বাঁশখালী থেকে মাহমুদুল ইসলাম চৌধুরীর প্রার্থিতার কথা ঘোষণা করবেন সাবেক রাষ্ট্রপতি এরশাদ।
গত প্রায় দেড় দশক ধরে রাজনীতির ময়দানে তাকে দেখা যায়নি। এ সময় নিজের নির্বাচনী এলাকা বাঁশখালীতেও তার পদচারণা খুব একটা ছিল না। এর পরিবর্তে নগরীতে অনুষ্ঠিত সভা, সেমিনার, সিম্পোজিয়ামসহ বিভিন্ন ধরনের বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডেই তাকে ব্যস্ত থাকতে দেখা গেছে।
