লক্ষ্মীপুরে শিবির-ছাত্রলীগ সংঘর্ষে আহত ১০

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০৪
জেলার রামগঞ্জে সোনাপুর চৌরাস্তা নামক স্থানে গতকাল সোমবার শিবির ও ছাত্রলীগের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় ছাত্রলীগ নেতা রুবেল, রাসেদ, মিলন, পথচারী নেছার আহম্মেদ, সুমন, জামাল, রহমানসহ উভয় দলের ১০ জন আহত হয়েছে। পরে পুলিশ কেথুড়ি বাজার থেকে জামায়াত নেতা ফারুক হোসেনকে আটক করে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোনাপুর বড় মসজিদ প্রাঙ্গণ থেকে শিবির একটি মিছিল বের করে। পরে মিছিলটি সোনাপুর চৌরাস্তা নামক স্থানে পৌঁছলে ছাত্রলীগ বাধা দেয়। এ সময় উভয় দলের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের সময় শিবির কর্মীরা ৯টি সিএনজি অটোরিক্সা, ৩টি হোন্ডা, ২টি বেসরকারি হাসপাতাল, কিন্ডার গার্টেন ও ব্যবসায় প্রতিষ্ঠানে ভাংচুর করে। অপরদিকে ছাত্রলীগের কর্মীরা জামায়াত সমর্থিত এশিয়ান ইন্টারন্যাশনাল কিন্ডার গার্টেন ও সিটি ল্যাব ডক্টর চেম্বার ভাংচুর করে। উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা বেলায়েত হোসেন জানান, শান্তিপূর্ণ মিছিল করার সময় ছাত্রলীগের ক্যাডাররা তাদের ওপর হামলা চালায়।