উদ্ধার করা দেহাবশেষ ইংল্যান্ডের রাজা তৃতীয় রিচার্ডের

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৮
ইংল্যান্ডের লিসেস্টারে গাড়ি পার্কিংয়ের জায়গা থেকে উদ্ধার করা দেহাবশেষ ইংল্যান্ডের রাজা তৃতীয় রিচার্ডের। লিসেস্টার বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা গতকাল সোমবার বলেন, উদ্ধার করা হারের ডিএনএ নমুনার সাথে রাজ পরিবারের বংশধরদের মিলিয়ে তারা নিশ্চিত হয়েছেন যে, এটি রিচার্ডের দেহাবশেষ। খবর বিবিসির। গবেষণায় নেতৃত্বদানকারী প্রত্নতত্ত্ববিদ রিচার্ড বাকলে গতকাল সাংবাদিক সম্মেলনে বলেন, তারা ‘সন্দেহাতীতভাবে’ নিশ্চিত হয়েছেন যে, এ দেহাবশেষ রিচার্ডের। পরীক্ষায় দেখা গেছে যে, দেহাবশেষটি ১৪৫৫-১৫৪০ সালের। ১৪৮৫ সালে বসওয়ার্থ যুদ্ধে নিহত হয়েছিলেন রাজা তৃতীয় রিচার্ড। লিসেস্টার গীর্জায় তার দেহাবশেষ আবার সমাহিত করা হবে। লিসেস্টার বিশ্ববিদ্যালয়ের আরেক প্রত্নতত্ত্ববিদ ড. জো অ্যাপ্লেবি জানান, যার হার উদ্ধার করা হয়েছে তার বয়স ২০-এর কোঠার শেষের অথবা ৩০-এর কোঠার প্রথম দিকের। রাজা তৃতীয় রিচার্ড ৩২ বছর বয়সে মারা যান। দেহাবশেষে ১০টি আঘাতের চিহ্ন রয়েছে। এর মধ্যে আটটিই মাথার খুলিতে দেখা যায়, মাথার দুটি আঘাত গুরুতর ছিল।