বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদীন ফারুক সরকারের উদ্দেশে বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া, বিএনপিকে ছাড়া এদেশে নির্বাচন হবে না। হতে দেয়া হবে না। তিনি রবিবার সন্ধ্যায় কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে পৌর বিএনপি আয়োজিত এক মত বিনিময় সভায় একথা বলেন।
জয়নাল আবদীন ফারুক বলেন, আওয়ামী লীগ মুখে বলে আপনারা সংসদে এসে কথা বলুন। কিন্তু বিরোধী দলীয় সদস্যরা সংসদে যাক, তা সরকার চায় না। এ কারণেই সংসদ আহবানের পর বিরোধী দলীয় নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি গত মাসে জাতীয় সংসদ আহবান করলেন আর তখনই বিরোধী দলীয় নেত্রীকে একটি মিথ্যা সাজানো মামলায় কাঠগড়ায় দাঁড় করালেন। মীর্জা ফখরুল ইসলাম বাংলাদেশের বড় রাজনৈতিক দলের মহাসচিব। অথচ তাকে ময়লার গাড়ী পুড়ানো মামলায় দেড় মাস ধরে কারাবন্দী করে রেখেছেন। বিরোধী দলীয় নেত্রীকে কাঠগড়ায় রাখবেন, মহাসচিবকে কারাগারে রাখবেন- একি দেশের গণতন্ত্র? কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় স্থানীয় সংসদ সদস্য লুত্ফুর রহমান কাজল, রামু উপজেলা বিএনপি সভাপতি আহমদুল হক চৌধুরী, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি এম মমতাজুল ইসলামসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
