চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর মওলানা শামসুল ইসলাম এমপি বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য যুদ্ধাপরাধের বিচারের নামে জামায়াতের শীর্ষ নেতাদের কারাগারে নেয়া হয়েছে। বিচারের রায়ে তাদের প্রতি কোন অন্যায় করা হলে দেশের জনগণ তা মেনে নেবে না। প্রয়োজনে লাগাতার হরতাল ডেকে সারাদেশ অচল করে দেয়া হবে।
গতকাল সোমবার নগরীর জেলা পরিষদ চত্বরে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা শাখা আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। কড়া পুলিশ পাহারায় অনুষ্ঠিত এ সমাবেশে তিনি অবিলম্বে মানবতাবিরোধী অপরাধ বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনাল বাতিল, কারাগারে আটক জামায়াত নেতাদের মুক্তি ও সমপ্রতি বগুড়ায় জামায়াত কর্মীদের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানান। আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না হলে জামায়াত ওই নির্বাচনে অংশ নেবে না বলেও তিনি উল্লেখ করেন। প্রায় তিন বছর পর চট্টগ্রামে আয়োজিত জামায়াতের এ সমাবেশে যোগ দিতে দুপুর থেকেই জনসমাবেশ ঘটতে থাকে। এসময় সমাবেশস্থল ঘিরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। আশেপাশের রাস্তাগুলোতে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ ীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মুমিনুল হক চৌধুরী,নগর জামায়াতের নায়েবে আমীর আফসার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর মুহাম্মদ জাফর সাদেক, উত্তর জেলা আমীর অধ্যক্ষ মুহাম্মদ আমিরুজ্জামান, নগর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম, সাবেক এমপি শাহজাহান চৌধুরী প্রমুখ।
