কুমিল্লার মুরাদনগরে ফরহাদ স্বর্ণকার ও আলমগীর নামের ২ যুবকের লাশ উদ্ধার করে গত সোমবার ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। এদিকে জেলার বরুড়া উপজেলা সদরের বাজারে একইদিন সকালে বাড়ি নির্মাণের জন্য সিমেন্ট কিনতে এসে সিমেন্টের বস্তায় চাপা পড়ে লাশ হলেন সৌদী প্রবাসী মিজানুর রহমান। একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে বড়ইয়াকুড়ি গ্রামের ফরহাদ স্বর্ণকার, আলমগীর হোসেন ও শাহজাহানকে দায়ী করে গত শনিবার রাতে ওই গ্রামে মারধর করা হয়। এ ঘটনায় ক্ষোভে-দুঃখে রবিবার ফরহাদ (২৪) ও আলমগীর (২৬) বিষপান করলে স্থানীয়রা তাদেরকে গৌরীপুর হাসপাতালে ভর্তি করলে চিকিত্সাধীন অবস্থায় রবিবার গভীর রাতে তারা মারা যায়। পুলিশ গতকাল সোমবার সকালে নিহতদের লাশ এবং আহত শাহজাহানকে (৪৫) উদ্ধার করে। মুরাদনগর থানার ওসি মনিরুল ইসলাম জানান, আহত ও নিহতদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আহত শাহজাহানকে চিকিত্সার জন্য মুরাদনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে ওসি জানিয়েছেন। এদিকে, জেলার বরুড়া উপজেলা সদরের বাজারে বাড়ি নির্মাণের জন্য সোমবার সকালে সিমেন্ট কিনতে এসে সিমেন্টের বস্তা চাপা পড়ে নিহত হয়েছেন উপজেলার নয়নতলা গ্রামের আব্দুল মতিনের ছেলে সৌদী প্রবাসী মিজানুর রহমান (২৮)।
