জনসমাগম হলেও বিক্রি নিয়ে প্রকাশকরা ছিলেন হতাশ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৬
হরতালের কারণে বিকালে মেলা ছিল জনশূন্য। হরতাল শেষে সন্ধ্যা গড়াতেই মেলা জমে উঠেছিল বইপ্রেমীদের উচ্ছ্বাসে। তবে মঙ্গলবার মেলায় বিক্রি খুব একটা ভালো ছিল না বলেই জানালেন প্রকাশকরা। আজ বুধবারও হরতাল। ফলে জনসমাগম হলেও বিক্রি নিয়ে প্রকাশকরা বেশ হতাশ। মাওলা ব্রাদার্সের ব্যবস্থাপক অনূপ দত্ত বললেন, হরতালের জন্য মেলা কখনো নিষ্প্রাণ হয়নি। তবে এ কথা সত্যি যে, বিক্রিবাট্টা খুব একটা উল্লেখযোগ্য নয়।’ মেলায় আসা বইয়ের পরিচিতি ওয়েবসাইটে : কজন তরুণ মিলে মেলায় আসা নতুন বইয়ের পরিচিতি তুলে ধরছেন ওয়েবসাইটে। মেলায় যত নতুন বই আসছে তার কভার ও পরিচিতি তুলে ধরছেন ওয়েবসাইটে। আগ্রহী পাঠকরা ঘরে বসেই জেনে নিতে পারবেন নতুন নতুন বইয়ের খবর। ওয়েবসাইটের ঠিকানা: www.notunboi.com মেলায় চালু হলো ওয়াইফাই : মেলা শুরুর দিন থেকেই মেলা প্রাঙ্গণকে ওয়াইফাইয়ের আওতায় আনার কথা বলেছিলেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। তবে নানা জটিলতার মধ্য দিয়ে প্রথম দিন থেকে চতুর্থ দিন পর্যন্ত ওয়াইফাই সংযোগ চালু করা হয়নি। অবশেষে মঙ্গলবার বিকাল থেকেই মেলা চত্বর ওয়াইফাইয়ের আওতায় আসে। ওয়াইফাই চালু হওয়ার পর থেকেই মেলা প্রাঙ্গণে দেখা যায় ওয়াইফাই ব্যবহারকারীদের। বিশেষ করে তরুণ-তরুণীরা মোবাইল ফোন ও ল্যাপটপে ওয়াইফাই সংযোগ পেয়ে দারুণ খুশি। নজরুল মঞ্চে মোড়ক উন্মোচন : মঙ্গলবার মেলার নজরুল মঞ্চে ৬টি নতুন বইয়ের মোড়ক উন্মোচিত হয়। এর মধ্যে ইত্যাদি গ্রন্থপ্রকাশ থেকে প্রকাশিত সালেক খোকনের ‘কালপ্রবাহে আদিবাসী’ বইয়ের উন্মোচন করেছেন সুলতানা কামাল। এছাড়া আরো উন্মোচিত হয় শাহরিয়া আফরোজ পপির ‘প্রশ্ন’, জামান পানাহীর ‘দহনবেলা’, গাজী মুনছুর আজিজের ‘ফাদার মারিনো রিগন’, খ ম রবীনের ‘অসমাপ্ত যাত্রা’ ও আতিকুর রহমান ঘালুর ‘আনিকার জন্য কবিতা’। নতুন বই : বাংলা একাডেমীর সমন্বয় ও জনসংযোগ উপবিভাগ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী গতকাল মেলায় ৭৫টি নতুন বই প্রকাশ পেয়েছে। এর মধ্যে গল্প ৭, উপন্যাস ১৫, প্রবন্ধ ২, কবিতা ১৮, গবেষণা ১, ছড়া ১, শিশুসাহিত্য ৮, জীবনী ৬, মুক্তিযুদ্ধ ২, নাটক ১, বিজ্ঞান ২, ভ্রমণ ১, ইতিহাস ১, রাজনীতি ১, রম্য/ধাঁধা ২, অনুবাদ ১, সায়েন্স ফিকশন ১ এবং অন্যান্য বিষয়ের উপর ৪টি বই প্রকাশ পেয়েছে। উত্স প্রকাশন এনেছে হাসান শাহরিয়ারের ‘অতীত, অতীত নয়’, প্রতীক প্রকাশনী এনেছে হুমায়ূন আহমেদের ‘মিসির আলী অমনিবাস’, আগামী প্রকাশনী এনেছে মিনার মনসুরের ‘কবি ও কবিতার সংগ্রাম’, অনন্যা এনেছে ফেরদৌস কামাল উদ্দিন মাহমুদ টিপুর ‘একাত্তর কেন্দ্রবিন্দু মেলাঘর’, তাম্রলিপি এনেছে আনিসুল হকের ‘দখিন হাওয়ার দক্ষিণ বারান্দায়’, কথাপ্রকাশ এনেছে মুক্তিসাধন মুখোপাধ্যায়ের ‘রেনেসাঁসের আলোয় বঙ্গ দর্শন’, খন্দকার মাহমুদুল হাসানের ‘এক গোয়েন্দা চার রহস্য’, রয়েল পাবলিশার্স এনেছে আহসান হাবীবের ‘সায়েন্স ফ্রিকশন’। নালন্দা থেকে এসেছে মোশতাক আহমেদের ‘এক ঝলক কিংবদন্তি হুমায়ূন আহমেদ’, ঐতিহ্যর অজয় রায়, শহিদুল ইসলাম, জিয়াউদ্দিন তারেক আলী ও সাইফুর রহমান তারিকের ‘আমরা কী ধরনের শিক্ষা চাই’, মুক্তধারার মঈনুল আহসান সাবেরের ‘আদমের জন্য অপেক্ষা’, মিজান পাবলিশার্স এনেছে নির্মলেন্দু গুণের ‘স্বনির্বাচিত ১১৫ কবিতা’, সুলেখা প্রকাশনী এনেছে আসাদ চৌধুরীর ‘বুট জুতো পায়ে বিড়াল, অনুপম প্রকাশনী এনেছে মোহীত উল আলমের ‘নোঙরের শেষ নেই’, শ্রাবণ প্রকাশনী এনেছে ‘বদরুদ্দীন উমর, রচনা সংগ্রহ-২’, ড. প্রদীপ কুমার পাণ্ডে ও আমিনুল ইসলামের ‘বাংলাদেশের সাংবাদিকতা: সংবাদ লেখা শৈলী ও কাঠামো’ পার্ল পাবলিকেশন্স এনেছে সাহিদা বেগমের ‘পুত্র’ প্রভৃতি উল্লেখ্যযোগ্য। মেলা মঞ্চের আয়োজন : পঞ্চম দিনে মেলামঞ্চে অনুষ্ঠিত হয় ‘স্বারস্বত ড. মুহম্মদ এনামুল হকের সারাত্সার’ শীর্ষক সেমিনার। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ভাষাবিজ্ঞানী মুহাম্মদ দানীউল হক। আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক মনসুর মুসা, জীনাত ইমতিয়াজ আলী এবং রহমান হাবিব। সভাপতিত্ব করেন শামসুজ্জামান খান। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমু। সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী আকরামুল ইসলাম, আবুবকর সিদ্দিক, ইন্দ্রমোহন রাজবংশী, দিলরুবা খান, মীনা বড়ুয়া, রহিমা খাতুন, বিমান চন্দ্র বিশ্বাস ও শ্যামল পাল। যন্ত্রাণুষঙ্গে ছিলেন গৌতম মজুমদার (তবলা), হাসান আলী (বাঁশি), আবু কামাল (বেহালা), শিবনাথ শিবু (ঢোল) এবং মিনাল বাউল (মন্দিরা)। আজকের আয়োজন : আজ বুধবার মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘দ্বিজেন্দ্র লাল রায় সার্ধশত জন্মবার্ষিকী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন খালেদ হোসাইন। আলোচনায় অংশ নেবেন মহীবুল আজিজ, লিলি ইসলাম, সৌমিত্র শেখর প্রমুখ। সভাপতিত্ব করবেন অধ্যাপক সন্জীদা খাতুন।