অস্ত্রের মুখে বান্দরবানে বাঙ্গালী যুব পরিষদের প্রচার সম্পাদকসহ ২ জনকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। অপহরণের পর অপহূতদের মুক্তিপণ বাবদ দুই লাখ ্টাকা দাবি করেছে অপহরণকারীরা। এদিকে বাঙ্গালী যুব পরিষদের নেতা অপহরণের ঘটনায় বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে নেতাকর্মীরা। আইন-শৃঙ্খলাবাহিনী ও পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের হেডম্যান পাড়া থেকে অস্ত্রের মুখে বাঙ্গালী যুব পরিষদের নেতাসহ ২ জনকে অপহরণ করে সন্ত্রাসীরা। অপহূতরা হলেন:বাঙ্গালী যুব পরিষদের প্রচার সম্পাদক ইমরান হোসেন এবং সদস্য হামিদ। রাতে খামারবাড়ি থেকে ফেরার পথে অস্ত্রধারী সন্ত্রাসীরা তাদের অপহরণ করে নিয়ে যায়। প্রকাশ, মুক্তিপণ দিয়ে অপহূতদের ছাড়িয়ে আনার চেষ্টা চলছে। অপরদিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ জানান, অপহরণের বিষয়টি শুনেছি। তবে এখনো লিখিতভাবে আমরা কোনো অভিযোগ পাইনি।
