সদর উপজেলার সোনাইডাংগা গ্রামে রেজওয়ান ইসলাম (৩০) নামে এক ব্যবসায়ীকে গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা শ্বাসরোধ করে হত্যা করেছে। গতকাল বুধবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহত রেজওয়ান গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
গাইবান্ধা সদর থানার ওসি (তদন্ত) জানান, ব্যবসায়ের কাজে মঙ্গলবার রেজোয়ানের পলাশবাড়ী হয়ে ঢাকা যাওয়ার কথা। কিন্তু সন্ধ্যা থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। গতকাল সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের সোনাইডাংগা গ্রামের বিলে তার লাশ স্থানীয় লোকজন দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
লাশের গলায় মাফলার পেঁচানো এবং শ্বাসরোধের চিহ্ন ছিল বলে পুলিশ জানিয়েছে। ধারণা করা হচ্ছে দুষ্কৃতকারীরা তাকে শ্বাসরোধ করে হত্যার পর তার লাশ ফেলে রেখে গেছে। এ নিয়ে থানায় হত্যা মামলা করা হয়েছে।
