বোমাং সার্কেল চিফ রাজা কেএসপ্রু আর নেই

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৪০
বান্দরবান বোমাং সার্কেল প্রধান, রাজা ক্যসাইন প্রু (কেএসপ্রু) আর নেই। গতকাল বুধবার ভোররাত সোয়া তিনটায় রাজবাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮১ বছর। দীর্ঘদিন ধরে হূদরোগ, ডায়বেটিসসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে, পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১৬তম এই বোমাং রাজার মৃত্যুতে রাজপরিবারসহ জেলার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। রাজার কন্যা ডনাই প্রু নেলী সাংবাদিকদের জানান, রাতে জ্বর দেখা দেয় তার পিতার শরীরে। রাত ৩টা ১৫ মিনিটের সময় রাজা পরলোকগমন করেন। শেষ কৃত্যানুষ্ঠান কখন হবে তা এখনো ঠিক হয়নি। পরিবারের সকল সদস্যের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হবে। এদিকে রাজার মৃত্যুর খবরে রাজবাড়িতে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীসমাজের প্রতিনিধি, মৌজা হেডম্যান-কার্বারীসহ সর্বস্তরের মানুষ রাজাকে এক নজর দেখতে রাজবাড়িতে ভীড় জমায়। রাজার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর এমপি, বান্দরবান পৌর মেয়র মোহাম্মদ জাবেদ রেজাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। প্রায় তিন মাস আগে গত ২০ নভেম্বর বোমাং সার্কেলের ১৬তম রাজা হিসাবে দায়িত্ব নেন ক্যসাইন প্রু (কেএসপ্রু)। তিনি ১৩তম বোমাং রাজা ক্যজাসাইনের পুত্র। এদিকে বংশ পরম্পরায় রাজপরিবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্য বোমাং সার্কেল চীফ রাজা নির্বাচিত হয়। বর্তমানে রাজপরিবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্য হচ্ছেন বোমাং সার্কেলের ১৩তম রাজা ক্যজাসাইন এর পুত্র উচ প্রু মারমা। তিনি পরবর্তী রাজা হিসাবে দায়িত্ব নেবেন বলে জানা গেছে। প্রসঙ্গত, গত ৮ আগস্ট ২০১২ সালে বান্দরবান বোমাং সার্কেলের প্রধান ১৫তম রাজা অংশৈ প্রু চৌধুরী ৯৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর কেএসপ্রু দায়িত্ব গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর শোক রাজা ক্য সাইন প্রু (কে এস প্রু)-এর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। গতকাল বুধবার দেয়া এক শোকবাণীতে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষানুরাগী, সমাজসেবক এ বোমাং রাজার মৃত্যুতে জাতি এক কৃতী সন্তানকে হারাল। প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।