জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দুই কোটি ঘনফুট গ্যাস

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৪৪
আগামী এক সপ্তাহের মধ্যে জাতীয় গ্রিডে প্রায় দুই কোটি ঘনফুট গ্যাস যোগ হবে। এরমধ্যে তিতাস গ্যাস ক্ষেত্রের ১৭ নম্বর কূপ থেকে এক কোটি ৭৫ লাখ এবং সালদা নদী থেকে ২০ লাখ ২০ হাজার ঘনফুট গ্যাস পাওয়া যাবে। কূপ মেরামতের মাধ্যমে বাড়তি এই গ্যাস উত্পাদন হবে। তিতাস গ্যাস ক্ষেত্রের কূপ মেরামতের পর গ্যাস উদগীরণ শুরু হয়েছে। কিন্তু গ্যাস ব্যবহার উপযোগী করে পাইপ লাইনে দেয়ার জন্য প্রসেস প্লান্ট এখনো তৈরি না হওয়ায় এই গ্যাস ব্যবহার করা যাচ্ছে না। পুড়িয়ে ফেলা হচ্ছে। কয়েক দিনের মধ্যে প্রসেস প্লান্টের কাজ শেষ হলে জাতীয় গ্রিডে গ্যাস দেয়া শুরু হবে। পর্যায়ক্রমে এই কূপ থেকে উত্পাদন বাড়ানো হবে। পরে এখান থেকে তিন কোটি ঘনফুট গ্যাস উত্পাদন করা হবে।