মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের দেয়া যাবজ্জীবন সাজার রায়ে অসন্তোষ ও হতাশা প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল বুধবার ট্রাইব্যুনালের রায়ের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা পোষণ ও গভীর আস্থা রেখে এক বিবৃতিতে টিআইবি অনতিবিলম্বে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণপূর্বক আপিলসহ রায় পুনর্বিবেচনার দাবি জানিয়েছে। একইসঙ্গে কাদের মোল্লার রায়ের ব্যাপারে জনপ্রতিক্রিয়া ও আইনি অভিজ্ঞতাকে বিবেচনায় নিয়ে প্রয়োজনে এ সংক্রান্ত আইনের সম্ভাব্য দুর্বলতার যথাযথ সংস্কার করে সর্বোচ্চ দৃঢ়তা ও পেশাদারিত্বের সাথে মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার সম্পন্ন করার আহ্বান জানিয়েছে টিআইবি।
বিবৃতিতে সংগঠনের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, টিআইবি মনে করে, আব্দুল কাদের মোল্লার ব্যাপারে ট্রাইব্যুনালের প্রদত্ত রায় জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। এ রায় মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের জন্য পর্যাপ্ত নয়, বরং অবমাননাকর। আমরা এ রায়ে হতাশ, লজ্জিত ও মর্মাহত।
