চীনে বিচারপ্রার্থীকে আটকে রাখার দায়ে কারাদণ্ড

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২০:২৫
বিচার চাইতে এসে কারাবন্দি। অবাক করা এমন ঘটনাই ঘটেছে চীনের রাজধানী বেইজিংয়ে। বিচার প্রার্থীদের আটকে রাখার অভিযোগে আদালত সেখানে ১০ জনকে কারাদণ্ডের আদেশ দিয়েছে। —খবর ডয়চে ভেলে ও এপি’র চীনে এমন ঘটনা হরহামেশাই ঘটে থাকে। বিচার চাইতে দূর-দূরান্ত থেকে মানুষ আসেন রাজধানী বেইজিংয়ে। বিচার তো তারা পানই না, উল্টো ভোগ করতে হয় এক ধরনের কারাবাসের দুর্ভোগ। আর সবচেয়ে বিস্ময়কর ঘটনা হলো, এসব ক্ষেত্রে কারাদণ্ড দেন স্থানীয়রা, কোনো আদালত নয়! প্রায় অহরহই ঘটতে থাকা এমন ঘটনায় ছেদ টানার একটা ইঙ্গিত রেখেছে চীন সরকার। মঙ্গলবার হেনান রাজ্য থেকে আসা ১১ জন বাদিকে আটকে রাখার অভিযোগে ১০ জনকে ছয় মাস থেকে দু’বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদের কারাদণ্ডের আদেশ দিয়েছে বেইজিংয়ের একটি আদালত। জানা গেছে, ওই ১১ জন হেনান থেকে একটি ঘটনার বিচার চাইতে বেইজিংয়ে এসেছিলেন গত বছরের এপ্রিল মাসে। কিছু লোক তাদের আদালত প্রাঙ্গণ থেকে ধরে নিয়ে একটা ঘরে আটকে রাখে। কয়েকদিন পর ছেড়েও দেয়া হয় তাদের। আটকে রাখার সময় তাদের ওপর কোনো ধরনের নির্যাতন চালানো হয়েছে কিনা— তা জানা যায়নি। তবে ছাড়া পাওয়ার পর বাদিরা হেনানে ফিরে গেলেও সুবিচারের প্রত্যাশা ছাড়নেনি। আবারো তারা ফিরে আসেন বেইজিংয়ে। অবশ্য এবার আর আদালত নয়, সরাসরি চলে যান পুলিশের কাছে। অভিযোগ শুনে পুলিশ প্রায় ১০ মাস আগে বাদিদের আটকে রাখা ব্যক্তিদের মধ্যে ১০ জনকে গ্রেপ্তার করে। সেই ১০ জনের বিরুদ্ধেই রায় ঘোষণা করেছে বেইজিংয়েরর আদালত। রায়ের খবর প্রকাশ করে চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, এভাবে বাদিদের আটকে রাখা বন্ধ করতে সরকার এখন থেকে কড়া ব্যবস্থা নেবে।