পুকুরে মাছ ধরায় যুবককে পিটিয়ে হত্যা

আপডেট : ০৩ মে ২০১৯, ১৭:৪১

পুকুরে মাছ ধরার ঘটনায় শিবগঞ্জে তুহিন আলী (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার (১ মে) বিকেলে উপজেলার বাটাগ্রামে ঘটনাটি ঘটে। নিহত তুহিন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বাটা গ্রামের মৃত গেদু মণ্ডলের ছেলে।

জানা যায়, বুধবার বিকেলে বাটাগ্রামের একটি পুকুরে তুহিন মাছ ধরতে যায়। এ সময় পুকুরের অংশীদার একই গ্রামের আফসার আলীর ছেলে সামিউলসহ তার অন্য তিন ভাই তুহিনকে পিটিয়ে গুরুতর আহত করে। আহত তুহিনকে হাসপাতালে যেতে বাধা দেয় সামিউল ও তার আত্মীয়রা। পরে বাধ্য হয়ে তুহিনকে গ্রাম্য চিকিৎসকের কাছে চিকিৎসা করান তার আত্মীয়রা। এমতাবস্থায় অবস্থায় বৃহস্পতিবার  সকালে তুহিনের মৃত্যু হয়।  

তুহিনের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার মাদরাসা শিক্ষক নুরুল ইসলামের বাড়িতে এক ঘরোয়া শালিসে নগদ ৫০ হাজার টাকা এবং পরে আরও দুই লাখ টাকা দেওয়ার আশ্বাসে লাশ দাফনের চেষ্টা করা হয়।

আরও পড়ুন: প্রলয় ঝড় ‘ফণী’ আতংকে নির্ঘুম কৃষক

এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। থানায় খবর দিলে বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। পরে বৃহস্পতিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।  

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জুলহাস জানান, এ ব্যাপারে নিহতের ভাই সাইয়েদ বাদী হয়ে আটজনের নামে এবং অজ্ঞাত ৭/৮জন আসামি করে থানায় মামলা করেছেন। মাদরাসা শিক্ষক নুরুল ইসলাম (৬০) ও লতিফ নামে দুইজন আসামি গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্ত চলছে। 

ইত্তেফাক/অনি