কুড়িগ্রাম শহরের কলেজ মোড় এলাকায় স্বাধীনতার বিজয়স্তম্ভে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল চলাকালে বুধবার আভ্যন্তরীণ কোন্দলের জের ধরে সংঘর্ষের ঘটনায় সাংবাদিকসহ ৭ ছাত্রলীগ কর্মী আহত হয়েছে। কাউন্সিলের সভাস্থল থেকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলীকে চাপাতিসহ আটক করেছে পুলিশ।
কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি মেজর জেনারেল (অবঃ) আমসাআ আমিন সমর্থক ছাত্রলীগের একটি গ্রুপের সাথে সাধারণ সম্পাদক মোঃ জাফর আলী এমপির সমর্থক ছাত্রলীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ছাত্রলীগ কর্মী আনিস (৩০), শান্ত (২৫) ও আপেল মাহমুদের (২০) মাথায় আঘাত লাগলে গুরুত্বর অবস্থায় তাদের কুড়িগ্রাম সদর হাসপাতাল ও পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া স্থানীয় বিটিভির ক্যামেরাম্যান নাজমুল হোসেন, এনটিভির ক্যামেরাম্যান সুজা, ইনডিপেন্ডেন্ট টিভির ক্যামেরাম্যান রবিউল এবং এটিএন বাংলার জেলা প্রতিনিধি ইউসুফ আলমগীর আহত হয়েছেন।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাফর আলীকে চাপাতি দিয়ে আক্রমণ করতে গেলে সে গ্রেফতার হয়।
কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত অবধি এই কাউন্সিলকে ঘিরে জেলা শহর জুড়ে চলে উত্সবের আমেজ। শান্তিপূর্ণ পরিবেশে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় গোপন ব্যালটে ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে ২৫৬ জন কাউন্সিলর নির্বাচন করে তাদের যোগ্য নেতা। স্থানীয় টাউন হলে ভোট গণনা শেষে বুধবার রাত ১১টায় জেলা কমিটির দপ্তর সম্পাদক রবি বোস আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
ত্রি-বার্ষিক কাউন্সিলে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল। সাধারণ সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুন:রায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. জাফর আলী এমপি।
১নং যুগ্ম সাধারণ সম্পাদক পদে আমান উদ্দিন আহমেদ মঞ্জু, ২নং যুগ্ম সাধারণ সম্পাদক পদে পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন এবং ৩নং যুগ্ম-সাধারণ সম্পাদক পদে শেখ বাবুল নির্বাচিত হয়েছেন।
১নং সাংগঠনিক সম্পাদক পদে সাঈদ হাসান লোবান, ২নং সাংগঠনিক সম্পাদক পদে আবুল কালাম আজাদ ও ৩নং সাংগঠনিক সম্পাদক পদে আ.ন.ম ওবায়দুর রহমান নির্বাচিত হয়েছেন।
