ইরান তাদের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এ সপ্তাহে ইরানকে এই প্রস্তাব দেন। এই প্রস্তাব বৃহস্পতিবার প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি বলেন, আলোচনা সমস্যার সমাধান বয়ে আনবে না। খবর রয়টার্সের।
ইরানের বিমান বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশে এক বক্তব্যে খামেনি বলেছেন, অনভিজ্ঞ কিছু মানুষ আমেরিকার সঙ্গে আলোচনার উদ্যোগ পছন্দ করে। কিন্তু আলোচনায় আসলে সমস্যার সমাধান হবে না। কিছু মানুষ ফের ইরানের ওপর মার্কিন শাসন কায়েম হতে দেখতে চাইলে ইরান উঠে দাঁড়াবে এবং তাদেরকে মোকাবেলা করবে।
পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের আলোচনা বর্তমানে কেবল বিশ্বের ছয় শক্তিধর দেশের সঙ্গে চলছে। ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের আলোচনা আবার হওয়ার কথা রয়েছে ২৬ ফেব্রুয়ারিতে কাজাখস্তানে।
জিনিউজ জানায়, ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ তার দেশকে পরমাণু শক্তিধর হিসেবে ঘোষণা করে বলেছেন, তাদেরকে এভাবেই বিবেচনা করতে হবে। মিসরের একটি পত্রিকাকে দেয়া সাক্ষাত্কারে তিনি বলেন, ইসরাইলে হামলার কোন পরিকল্পনা তার নেই, এটি ইরানের প্রতিরক্ষা কর্মসূচি। মহাশূন্যে মানুষ পাঠানোর পরিকল্পনা ইরানের আছে এবং শিগগির তা করা হবে।
