কংগ্রেস সহ-সভাপতি রাহুলকে আমেথিতে ব্যাপক সংবর্ধনা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩১
ভারতের ক্ষমতাসীন কংগ্রেসের সহ-সভাপতি ও কংগ্রেস নেত্রী সোনিয়া-তনয় রাহুল গান্ধীকে ব্যাপক সংবর্ধনা দিয়েছে আমেথির জনগণ। গতকাল বৃহস্পতিবার সংবর্ধনার সময় জনতা তাকে প্রধানমন্ত্রী করারও দাবি জানায়। খবর এনডিটিভির। কংগ্রেস দলের সহ-সভাপতি হওয়ার পর উত্তর প্রদেশের আমেথিতে এটাই তার প্রথম সফর। দুই দিনের সফরে গতকাল ফুরসাতগঞ্জ বিমানবন্দরে অবতরণের পর তার নির্বাচনী আসনের জনতা নেচে- গেয়ে তাকে অভ্যর্থনা জানায়। জনতা তাকে প্রধানমন্ত্রী করার দাবি তোলে এবং যুবকদের এই দাবি জানানোরও আহবান জানায়। পরে জনসভার মঞ্চে গিয়ে তিনি বলেন, তার নির্বাচনী আসনের জনগণের সঙ্গে তার রাজনৈতিক নয়, পারিবারিক সম্পর্ক। সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে রাহুল বলেন, আমি যখনই এখানে আসার সুযোগ পাই তখনই আসি। এটা আমাদের পরিবারের মধ্যে ভালবাসার সম্পর্ক এবং আমি আপনাদের ছেড়ে যেতে পারি না। মঙ্গলবার তার আসার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে তিনি সফর দুই দিন পিছিয়ে গতকাল নির্ধারণ করেন এবং এজন্য তিনি সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন। সফরের দ্বিতীয় দিনে তিনি আজ দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করবেন।