জামায়াতের সঙ্গে আপোষের প্রশ্নই আসে না :বনমন্ত্রী

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৪৫
বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগের সঙ্গে স্বাধীনতাবিরোধী জামায়াতের আপোষ কিংবা সমঝোতার প্রশ্নই আসে না। জনগণ প্রত্যাশা করেছিল যুদ্ধাপরাধী কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তি হবে। কিন্তু তা না হওয়ায় জনগণের সঙ্গে আওয়ামী লীগও এ রায়ে সন্তুষ্ট নয়। যদিও এটা ট্রাইব্যুনালের এখতিয়ার, সরকারের করার কিছুই নেই। তরুণ প্রজন্ম একাত্তরের ঘাতকদের ফাঁসির দাবিতে যে আন্দোলন শুরু করেছে আমরা তার প্রতি নৈতিক সমর্থন জানাচ্ছি। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু মানবকল্যাণ পরিষদ ও একাত্তরের ঘাতক যুদ্ধাপরাধী নির্মুল কমিটির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। সম্প্রতি ওয়াশিংটন টাইমসে প্রকাশিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিবন্ধে সমর্থন করায় দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ?আলমগীরও দেশদ্রোহী হয়ে গেছেন। কারণ কোন দেশপ্রেমিক রাজনীতিক এই নিবন্ধে সমর্থন করতে পারেন না। অবিলম্বে খালেদা জিয়া ও মির্জা ফখরুলকে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি। বঙ্গবন্ধু মানবকল্যাণ পরিষদের সভাপতি এনামুল হক এনামের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও অগ্রণী ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা হেদায়েতুল ইসলাম স্বপন, শাহ আলম সাজু, শফিকুল বাহার মজুমদার টিপু, আব্দুল মজিদ ভুলু মিয়া, হুমায়ুন কবির, রোকনউদ্দিন পাঠান, এমএইচ বাবুল, নওশের আলী, হুমায়ুন কবির সুজন, আব্দুর রউফ প্রমুখ।