রাজধানীতে ১৮ দলের বিক্ষোভ কাল

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৪৬
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এবং গুম, খুন, হত্যা ও নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে আগামীকাল শনিবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি নেতৃতাধীন ১৮ দলীয় জোট। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় এ সমাবেশ হবে। গতকাল বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ১৮ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে এ কর্মসূচির ঘোষণা দেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া জোটের পূর্ব ঘোষিত কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এ বৈঠকে বিএনপির মহানগর সদস্য সচিব আবদুস সালাম ও সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি ছাড়াও শরিকদের মধ্যে জামায়াতে ইসলামীর ড.শফিকুল ইসলাম মাসুদ, এলডিপির রেদোয়ান আহমেদ, ইসলামী ঐক্যজোটের মুফতি ফয়েজুল্লাহ, জাগপার খন্দকার লুত্ফর রহমান, এনপিপি ড. ফরিদুজ্জামান ফরহাদ, এনডিপির আলমগীর মজুমদার, ন্যাপের গোলাম মোস্তফা ভূঁইয়া, পিপলস লীগের সৈয়দ মাহবুব হোসেন, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মনি, কল্যাণ পার্টির আবদুল মালেক চৌধুরী, ন্যাপের (ভাসানী) আবু হামিদুর রেজা খান ভাসানী, মুসলিম লীগের আতিকুল ইসলাম, ইসলামিক পার্টির এমএ রশিদ প্রধান, বাংলাদেশ জাতীয় পার্টির খন্দকার সিরাজুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা মুহিউদ্দিন ইকরাম প্রমুখ উপস্থিত ছিলেন।