‘৫৮ দিন বন্দি’ থেকে মুক্ত জীবনে রিজভী

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৪৬
‘৫৮ দিনের বন্দি’ থেকে মুক্ত জীবনে ফিরেছেন দপ্তরের দায়িত্বে থাকা বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এতদিন গ্রেফতার এড়াতে তিনি নয়াপল্টনের দলীয় কার্যালয়ে কাটিয়ে দেন। সেখান থেকে গতকাল বৃহস্পতিবার তিনি হাইকোর্টে হাজির হয়ে জামিন চান। শুনানি শেষে হাইকোর্ট তার দুই মাসের আগাম জামিন দেয়। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী এবং বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করে। রিজভী আহমেদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন। সংশিষ্ট সূত্রে জানা যায়, অবরোধে ঘটনায় সিটি কর্পোরেশনের গাড়ি ভাংচুরের অভিযোগে গত ৯ ডিসেম্বর রিজভী আহমেদের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করা হয়েছিল। গ্রেফতার এড়াতে মামলা দায়েরের পর থেকে তিনি বিএনপির কার্যালয়ে ৫৮ দিন কাটিয়ে দেন। ভবনের তৃতীয় তলায় দপ্তর সম্পাদকের কার্যালয়ের পেছনে ছোট একটি ঘরে তিনি রাতে ঘুমাতেন। আর নেতাকর্মীদের সঙ্গে দলীয় কার্যক্রম নিয়ে তার দিন কাটতো । প্রতিদিন দুই বেলা নেতা-কর্মীরাই তার জন্য খাবার নিয়ে আসতেন।