অস্ট্রেলিয়ার সিডনিতে অনন্য স্থাপত্যশৈলীর একটি হচ্ছে ম্যাককোয়ারি ইউনিভার্সিটির একাডেমিক ভবন। শুধু স্থাপত্যই না, পরিবেশগত দিক থেকেও এটি নয়নাভিরাম। সম্পূর্ণ ক্যাম্পাসটি সবুজ বাগিচায় আচ্ছাদিত। খ্যাতি কিংবা র্যাংকিংয়েও এটি দ্রুত উন্নয়নশীল বিশ্ববিদ্যালয়গুলোর একটি। পৃথিবীর বিভিন্ন দেশের অগণিত শিক্ষার্থীরা উচ্চশিক্ষার্থে এখানে ভর্তি হচ্ছেন। পিএইচডি ডিগ্রির জন্যও বিশ্ববিদ্যালয়টির যথেষ্ট খ্যাতি রয়েছে। অস্ট্রেলিয়াসহ বিশ্বের নাম করা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পণ্ডিত ব্যক্তিত্বগণ এখানকার গর্বিত শিক্ষক। বিশ্বের গুরুত্বপূর্ণ বিভিন্ন গবেষণায় এখানকার শিক্ষকগণ সরাসরি সম্পৃক্ত। আর এসব শিক্ষকগণই শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে মিশে যান বন্ধুর মতো। ফলে শিক্ষার্থীরাও মন্ত্রমুগ্ধের মতো গ্রহণ করেন তাদের প্রিয় শিক্ষকদের প্রতিটি লেকচার তথা নির্দেশনা। উল্লেখ্য যে, বাংলাদেশি শতাধিক শিক্ষার্থী এখানকার আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট ও পিএইচডি ডিগ্রি গ্রহণ করছেন। বিশেষ করে সম্প্রতি প্রচুর বাংলাদেশি হাই অফিসিয়ালস পিএইচডি ডিগ্রি অর্জনের লক্ষ্যে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছেন।
গত বছরের শেষ নাগাদ এখানে পিএইচডি ডিগ্রি অর্জনের লক্ষ্যে ভর্তি হয়েছেন বাংলাদেশ সরকারের ২৫ ঊর্ধ্বতন কর্মকর্তা। এদের মধ্যে আছেন যুগ্ম সচিব, ডিস্ট্রিক জাজসহ বিভিন্ন পদ মর্যাদার লোক। এখানে আরও উল্লেখ্য যে, এই বিশ্ববিদ্যালয়ে শুধু বাংলাদেশি শিক্ষার্থীই নন, শিক্ষকও আছেন। এবং যাদের আছে সেরা শিক্ষকের খ্যাতি। আবার শিক্ষার্থীরাও কম নন, তাদের অনেকেরই আছে সেরা শিক্ষার্থীর খ্যাতি।
যে সুবাদে তারা ফুল স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছেন! সাড়ে ৩ বছর সময়সীমার পিএইচডি কোর্সের এই স্কলারশিপের আর্থিক মূল্য দুই কোটি টাকারও বেশি। এখানে ভর্তি কিংবা যাবতীয় তথ্যের জন্য
যোগাযোগ করতে পারেন : +৬১৪৩০৪৭২০৯৬ এবং [email protected] এ। বাংলাদেশি কৃতী শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন পিএইচডির প্রদীপ রায়হান, ডেপুটি সেক্রেটারি বাংলাদেশ সরকার, যিনি ২০১২-এর সেরা শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন এবং সেরা শিক্ষক-২০১২ হওয়ার গৌরব অর্জন করেছেন, অ্যাসোসিয়েট প্রফেসর ড. শওকত আলম। সম্প্রতি এখানে পিএইচডি ডিগ্রি কোর্সে ভর্তি হয়েছেন, ডিস্ট্রিক জাজ উম্মে সোরাবান। তিনি এই বিশ্ববিদ্যালয়ের নয়নাভিরাম ও অত্যাধুনিক ক্যাম্পাস দেখে বলেন, ‘আমার কল্পনাকেও হার মানিয়েছে!’ তিনি আরও বলেন, ‘ওরা (শিক্ষার্থীরা) বেশ সিরিয়াস, সেটা যেমনি আড্ডায় তেমনি পড়াশোনায়ও! অন্যদিকে এখানকার আবাসিক ফ্যাসিলিটিসও চমত্কার, এক কথায় লাক্সারিয়াস। যদিও সেটা অর্থের সাথে সংশ্লিষ্ট, তবে মান অনুযায়ী সস্তাই বলা চলে।’
