আইন বিষয়ে শিক্ষার প্রসারে বর্তমানে যে সব বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়োজিত রয়েছে, তাদের মধ্যে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অগ্রগণ্য এবং এই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ সর্বপ্রথম বার কাউন্সিলের স্বীকৃতি লাভ করে। ১৯৯৫ সালের ৭ এপ্রিল দেশে বেসরকারি পর্যায়ে আইন শিক্ষা প্রসারের স্বপ্ন নিয়ে বিশিষ্ট শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব প্রফেসর ড. এবিএম মফিজুল ইসলাম পাটোয়ারী সম্পূর্ণ একক প্রচেষ্টায় এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বর্তমানে প্রায় দুই হাজার ছাত্র-ছাত্রী নিয়ে আইন অনুষদ কার্যক্রম পরিচালনা করছে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছাত্র-ছাত্রীরা এখানে পড়ালেখা করার সুযোগ পায়। চাকরিজীবীদের সুবিধার্থে এখানে দিবা শাখার পাশাপাশি সান্ধ্যকালীন শাখাতেও পড়ালেখার সুযোগ রয়েছে। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আইন অনুষদে বর্তমানে যে কোর্সসমূহে ছাত্র-ছাত্রী ভর্তি করা হচ্ছে সেগুলো হলো—চার বছর মেয়াদি এলএলবি (সম্মান) দিবা শাখা, চার বছর মেয়াদি এলএলবি (সম্মান) সান্ধ্যকালীন শাখা, দুই বছর মেয়াদি এলএলবি (পাস) প্রোগ্রাম, এক বছর মেয়াদি এলএলএম (মাস্টারস) প্রোগ্রাম, দুই বছর মেয়াদি এলএলএম (মাস্টারস) প্রোগ্রাম। যোগাযোগ :৬৬ গ্রিনরোড অথবা বাড়ি-০৪, সড়ক-০১, ব্ল¬ক-এফ, বনানী, ঢাকা। এছাড়া অত্র বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধীনে দুই বছর মেয়াদি মাস্টারস অব হিউম্যান রাইটস ল প্রোগ্রাম রয়েছে। বিশিষ্ট শিক্ষাবিদ ও আইনজ্ঞ কর্তৃক এই অনুষদের একাডেমিক সিলেবাসগুলো প্রণীত এবং সকল কার্যক্রম বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক অনুমোদিত। এই আইন অনুষদের উপদেষ্টা হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপন ও ড. মো. আখতারুজ্জামান এবং ডীন হিসেবে আছেন ড. উত্তম কুমার দাস, চেয়ারম্যান হিসেবে নিয়োজিত আছেন সহকারী অধ্যাপক শামীম আরা। এখানে রয়েছেন সুদক্ষ ২০ জন পূর্ণকালীন শিক্ষক। আইন বিষয়ে শিক্ষার্থীদের সম্যক ধারণা প্রদানের লক্ষ্যে এখানে আইনের অধ্যাপক, বিচারপতি, বিচারক, আদালতে কর্মরত আইনজীবী, ব্যারিস্টার প্রমুখের সমন্বয়ে একটি শক্তিশালী শিক্ষক শ্রেণী তৈরি করা হয়েছে। খণ্ডকালীন শিক্ষক হিসেবে এখানে কর্মরত আছেন অধ্যাপক ড. হাবিবুর রহমান, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। নিয়মিত এখানে বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপের আয়োজন করা হয়ে থাকে। ভবিষ্যতের একজন সফল আইনজীবী হিসেবে ছাত্র-ছাত্রীরা যাতে আইনের যেকোনো ঝুঁকি মোকাবেলা করতে পারে সে জন্য এখানে ‘বার প্র্যাকটিশনারস ট্রেনিং প্রোগ্রাম’ নামে একটি কোর্সে রয়েছে। এ কোর্সটিতে শিক্ষার্থীদের আদালতের কার্যধারা, বিভিন্ন ধরনের ড্রাফটিং, অ্যাডভোকেসি ইত্যাদি বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এ বিষয়ে আরও জানতে যোগাযোগ :৯৬১৩৮৬৮, ০১৬১১৩৪৮৩৪৬। সম্প্র্রতি এ কোর্সটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। ফলে গ্র্যাজুয়েট যখন এই বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি গ্রহণ করে থাকে তখন পুঁথিগত জ্ঞানের পাশাপাশি আদালতে প্র্যাকটিশনার আইনজীবী হিসেবে কাজ শুরু করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। আইন বিষয়ের অনেক মূল্যবান গ্রন্থ ও রেফারেন্স বই লাইব্রেরিতে রয়েছে। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুরো ক্যাম্পাসটি ওয়াইফাই হওয়ায় এখানে ইন্টারনেট ব্যবহার করার সুবিধা রয়েছে।
